২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়নের ধারা এগিয়ে নিতে বেসরকারি খাতের দায়িত্ব বেশি: অর্থ উপদেষ্টা

অর্থ, পরিকল্পনা ও বাণিজ্য উপদেষ্টা ড. এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম বলেছেন, দেশের উন্নয়নের ধারা এগিয়ে নিতে বেসরকারি খাতের দায়িত্ব বেশি। একটি এলাকার উন্নয়ন নির্ভর করে বেসরকারি খাতে স্থানীয় উদ্যোগের উপর। উপদেষ্টা বলেন, "আমরা বেসরকারি খাতকে উৎসাহিত করছি। ইতোমধ্যেই অনেক পুরাতন শিল্প ব্যক্তিমালিকানায় হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2007, 02:41 PM

Updated : 26 Aug 2022, 09:08 PM

সিলেট, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ, পরিকল্পনা ও বাণিজ্য উপদেষ্টা ড. এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম বলেছেন, দেশের উন্নয়নের ধারা এগিয়ে নিতে বেসরকারি খাতের দায়িত্ব বেশি। একটি এলাকার উন্নয়ন নির্ভর করে বেসরকারি খাতে স্থানীয় উদ্যোগের উপর। উপদেষ্টা বলেন, "আমরা বেসরকারি খাতকে উৎসাহিত করছি। ইতোমধ্যেই অনেক পুরাতন শিল্প ব্যক্তিমালিকানায় হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।" সোমবার বিকাল ৪টায় সিলেট সার্কিট হাউজে সরকারি কর্মকর্তা ও স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, "উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে আমরা অনেকটা পিছিয়ে আছি। আমরা সবসময় যদি সরকারের মুখাপেক্ষী থাকি তাহলে আমাদের উন্নয়নের গতি মন্থর থাকবে। অনেক উন্নত দেশে নীতিমালার আওতায় সরকারি বেসরকারি যৌথ বিনিয়োগ হচ্ছে। আমাদেরকেও যৌথ বিনিয়োগের চিন্তাভাবনা করতে হবে।" তিনি বলেন, "সরকারের রাজস্ব আয় খুবই কম। রাজস্ব খাতের আয় না বাড়ালে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা যায় না। কৃষি ক্ষেত্রে উৎপাদন বাড়ানো জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাদ্য উৎপাদন বাড়াতে না পারলে খাদ্যের দাম নিয়ন্ত্রণ সম্ভব হবে না।" উপদেষ্টা বলেন, "আয়বিহীন ব্যয় করা সরকারের জন্য সম্ভব নয়।" মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেটের বিভাগীয় কমিশনার আজিজ হাসান, জেলা প্রশাসক হারুন-উর-রশীদ খান, চেম্বার সভাপতি জুন্নুন মাহমুদ খান, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রুহুল আনাম চৌধুরী মিন্টু প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২০৩৭ ঘ.