ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আশাব্যঞ্জক লেনদেন আর চাঙাভাবেই সপ্তাহের প্রথম দিন শেষ করলো ঢাকার পুঁজিবাজার। মূলত ব্যাংকিং খাতের শেয়ার লেনদেনের কল্যাণে দিনের শুরুতে বাজার চাঙা হয়ে ওঠে। তাই সোমবার দিনশেষে বাজারে মূল্যসূচকও ছিল ঊর্ধ্বমুখী।
দিনের শুরুতে বাজার চাঙা হয়ে উঠতে থাকলেও ঘণ্টা তিন পর এটি কিছুটা হোচট খায়। তাই মাঝ বেলায় এসে সূচক পড়ে যায় কিছুটা। তবে কিছুক্ষণের মধ্যেই আশা জাগানিয়া লেনদেন দিয়ে আবারো পতন ঠেকিয়ে ঊর্ধ্বমুখী হয়ে ওঠে সূচক।
বাজার বিশ্লেষক ইয়ার সাইদ জানান, লেনদেনের ক্ষেত্রে ব্যাংকগুলোর শেয়ার বিনিয়োগকারীদের অনেকটা প্রভাবিত করছে। বিশেষ করে বছরের প্রথম দিকে ব্যাংকগুলো শেয়ারের বিপরীতে মুনাফা ঘোষণা করবে- এ কারণে বিনিয়োগকারীরা এগুলোর প্রতি বেশি আগ্রহী হয়ে পড়ছে। এ সবই বাজারে গতি ফিরিয়ে আনতে বিশেষ কার্যকর ভূমিকা রাখছে বলে মনে হচ্ছে।
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক ২৯ দশমিক ৪০ পয়েন্ট বা এক শতাংশ বেড়ে হয় দুই হাজার ৯৬৫ দশমিক ৫৭ পয়েন্ট। অন্যদিকে ২৫ দশমিক ১১ পয়েন্ট বা এক দশমিক ০১ শতাংশ বেড়ে ডিএসআই বা সার্বিক সূচক হয় দুই হাজার ৫০০ দশমিক ০৩। এ ছাড়া ডিএসই-২০ ব্লু চিপ সূচকও আট দশমিক ৫৪ পয়েন্ট বা দশমিক ৩৫ শতাংশ বেড়ে অবস্থান নেয় দুই হাজার ৩৫০ দশমিক ৫৪ পয়েন্টের ঘরে।
এদিন ১২১ কোটি টাকা মূল্যমানের মোট ৪৩ লাখ আট হাজার ৮৫২টি শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দাম বাড়ে ১০৮টির, কমে ৯১টির এবং ২০টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।
লেনদেনের টেবিলে শীর্ষে ছিল ব্র্যাক ব্যাংক। দিনের লেনদেন শেষে ব্যাংকটির শেয়ার চার দশমিক ২৫ শতাংশ বেড়ে এক হাজার ৬৩৪ টাকা হয়। এর পরের অবস্থানে থাকা ইউসিবিএল এর শেয়ার দুই দশমিক ৬৫ শতাংশ বেড়ে দাঁড়ায় চার হাজার ৫৯২ টাকা ৭৫ পয়সায়। এ ছাড়া প্রাইম ব্যাংকের শেয়ার দুই দশমিক ৭৩ শতাংশ বেড়ে ৮৬৩ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়।
তবে দাম পড়ে গেছে এনবিএল এর শেয়ারের। এক দশমিক ০১ শতাংশ কমে সোমবার এর শেয়ারের দাম দাঁড়ায় এক হাজার ৩৬৩ টাকা ২৫ পয়সায়। তিন দশমিক ৯৭ শতাংশ বেড়ে ৩৬৬ টাকায় সর্বশেষ লেনদেন হয় শাহজালাল ব্যাংকের প্রতি শেয়ার।
লেনদেনের টেবিলে থাকা উল্লেখযোগ্য কোম্পানির মধ্যে সাউথইস্ট ব্যাংক, উত্তরা ব্যাংক, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ ও স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংকের শেয়ারের দাম বাড়লেও কমে যায় ইসলামী ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের শেয়ারের দাম।
দাম বাড়ার দিক দিয়ে শীর্ষে ছিল যথাক্রমে আজিজ পাইপস, পেপার প্রসেসিং, অষ্টম আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, ডেভোডিল কম্পিউটার ও ডাচ-বাংলা ব্যাংকের শেয়ার। অন্যদিকে মডার্ন সিমেন্ট, এক্সেলসিউর শ্যুজ, গাল্ফ ফুডস, তৃপ্তি ইন্ডাস্ট্রিজ ও বিওসি বাংলাদেশের শেয়ার ছিল দাম পড়ে যাওয়া কোম্পানির শেয়ারের মধ্যে অন্যতম।
ওদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও সোমবার চাঙাভাবে দিন শেষ করে। এ বাজারে সিএসসিএক্স বা সাধারণ মূল্যসূচক ৪৯ দশমিক ৭৫ পয়েন্ট বা এক দশমিক ০৪ শতাংশ বেড়ে হয় চার হাজার ৮৩২ দশমিক ৬৮ পয়েন্ট। সিএএসপিআই বা সার্বিক মূল্যসূচক ৭৯ দশমিক ৭৭ পয়েন্ট বা এক দশমিক ০৬ শতাংশ বেড়ে সাত হাজার ৫৪৭ দশমিক ৭১ পয়েন্ট হয়। সিএসই-৩০ ব্লু চিপ ৭৭ দশমিক ৫৫ পয়েন্ট বা এক দশমিক ১৭ শতাংশ বেড়ে অবস্থান নেয় ছয় হাজার ৬৭২ দশমিক ৭৯ পয়েন্টের ঘরে।
তবে বন্দর নগরি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আগের দিনের তুলনায় সোমবার লেনদেন কমে যায়। সোমবার এ বাজারে ১৭ কোটি ৭৯ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। এর আগে বৃহস্পতিবার সেখানে মোট লেনদেন হয়েছিল ১৮ কোটি ১৪ লাখ তিন হাজার টাকা।
লেনদেনকৃত কোম্পানির শেয়ারের মধ্যে দাম বাড়ে ৫৭টির, কমে ৩২টির এবং ১২টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এমএ/১৬৩৯ঘ.
bdnews24