ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় পরিচালিত সমমূলধন উদ্যোক্তা তহবিল (ইইএফ) থেকে ঋণ সহায়তা আবার শুরু হচ্ছে। তবে এবার শুধু তথ্যপ্রযুক্তি (আইটি) শিল্প স্থাপনের জন্য এ তহবিল থেকে ঋণ সুবিধা দেয়া হবে।
যে সব নতুন উদ্যোক্তা 'সৃজনশীল দক্ষ ও সম্ভাবনাময়' এবং প্রচলিত প্রাতিষ্ঠানিক ঋণ সুবিধা পেতে অসমর্থ কেবল তারাই নতুন এই আইটি প্রকল্পের অনুকুলে ইইএফ সুবিধার জন্য আবেদন করতে পারবেন।
৬ ডিসেম্বর এ সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। ৯ ডিসেম্বর সার্কুলারটি সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, মোট প্রকল্প ব্যয় সর্বনিম্ন ৫০ লাখ টাকা থেকে পাঁচ কোটি টাকার মধ্যে হতে হবে। প্রকল্প ব্যয় পাঁচ কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ রেখে প্রচলিত ঋণ মূলধন অনুপাত মেনে ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান থেকে মেয়াদী ঋণ গ্রহণকারী প্রকল্পে ইকুইটির ৪৯ শতাংশ অথবা প্রকল্প ব্যয়ের ৩৩ দশমিক ৩৩ শতাংশ এর মধ্যে যেটি কম তা ইইএফ সহায়তা হিসেবে দেয়া হবে।
ইইএফ তহবিলের প্রথম কিস্তি ছাড়ের ছয় মাসের মধ্যে ব্যবসা শুরু করার লক্ষ্যে বিনিয়োগের সুনির্দিষ্ট উদ্যোগ নিতে হবে। প্রথম কিস্তি ছাড়ের চার বছরের মধ্যে সরকারের নামে ইস্যুকৃত শেয়ারের ২০ শতাংশ বাই-ব্যাক করতে হবে। অবশিষ্ট সরকারি শেয়ার ২০ শতাংশ হারে প্রথম কিস্তি ছাড়ের ৫ম, ৬ষ্ঠ, ৭ম ও ৮ম বছরের মধ্যে বাই-ব্যাক করতে হবে। তবে কোনো কম্পানি ইচ্ছে করলে সম্পূর্ণ সরকারি শেয়ার চার বছরের আগে এবং এর চেয়ে কমসংখ্যক কিস্তিতেও বাই-ব্যাক করতে পারবে। ইইএফ ইউনিটকে অবহিত না করে ব্যবসায়িক ঠিকানা পরিবর্তন বা ব্যবসা বন্ধ করা যাবে না বলে সার্কুলারে উল্লেখ করা হয়।
সার্কুলারে আরও বলা হয়, ইইএফ নীতিমালা অনুযায়ী, আইটি প্রকল্পসমূহ মূল্যায়নের জন্য পেশাগত দক্ষতাসম্পন্ন আর্থিক বিশ্লেষক ও আইটি জ্ঞানসম্পন্ন বিশেষজ্ঞ সমন্বয়ে কমপক্ষে তিন সদস্যের প্রকল্প মূল্যায়ন কমিটি গঠন করা হবে। কমিটি ইইএফ নীতিমালার সঙ্গে সঙ্গতি রেখে প্রকল্প প্রস্তাবন মূল্যায়ন করে সুস্পষ্ট মতামত দিয়ে প্রতিবেদন দেবে। মূল্যায়ন প্রতিবেদনে সুষ্পষ্ট মতামত না থাকলে সংশ্লিষ্ট প্রকল্প প্রস্তাব বিবেচনা করা হবে না।
কৃষি ও কৃষিভিত্তিক শিল্প এবং তথ্য প্রযুক্তি খাতের বিকাশে সহায়তা করার লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক ইইএফ তহবিল গঠন করেছিল। কিন্ত বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠায় কেন্দ্রীয় ব্যাংক ২০০৫ সালের ৯ আগস্ট পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইইএফ সহায়তার আবেদন স্থগিত রাখার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২২৩৬ঘ.
bdnews24