ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -বহুজাতিক কোম্পানির শেয়ার বিক্রির চাপে ঢাকার পুঁজিবাজার রোববার আবারো রেকর্ড গড়েছে।
মূলত বাটা শ্যু-র প্রতি শেয়ারের বিপরীতে ১৪৫ শতাংশ অর্ন্তর্বতীকালীন মুনাফা ঘোষণা লেনদেনে প্রভাবক হিসেবে কাজ করে। এর প্রতিক্রিয়াতেই ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক দিনশেষে তিন হাজার ৪৮ দশমিক ২৮ পয়েন্টে দাঁড়ায়।
বাজার বিশ্লেষকরা বলছেন, বেক্সিমকো গ্র"পের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের মুক্তি পাওয়ার গুজবও বাজারকে কিছুটা প্রভাবিত করে থাকতে পারে।
দিনশেষে জীবন বীমাসহ বেশ কটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ে।
এআইএমএস অব বাংলাদেশের কর্মকর্তা ইওয়ার সাইদ বলেন, "বাজারে বাটা শ্যু-র শেয়ারের প্রভাব বেশ লক্ষণীয়। এর ফলে বিনিয়োগকারীদের মধ্যে অন্যান্য বহুজাতিক কোম্পানির প্রতিও আগ্রহ বাড়ছে।"
দিনশেষে বাটা শ্যু-র শেয়ারের দাম ১৪ দশমিক ০৩ শতাংশ বেড়ে ২৭১ টাকা ৩০ পয়সা হয়। কোম্পানিটির প্রতি শেয়ারের বুক ভ্যালু ছিল ১০ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক ৩৫ দশমিক ২৮ পয়েন্ট বা এক দশমিক ১৭ শতাংশ বেড়ে রোববার দিনশেষে হয় তিন হাজার ৪৮ দশমিক ২৮ পয়েন্ট। অন্যদিকে ডিএসআই বা সার্বিক মূল্যসূচক ২৭ দশমিক ৮০ পয়েন্ট বা এক দশমিক ০৮ শতাংশ বেড়ে দাঁড়ায় দুই হাজার ৫৭৬ দশমিক ৯৮ এ।
এ ছাড়া ডিএসই-২০ ব্লু চিপ সূচক ৭০ দশমিক ৮০ পয়েন্ট বা তিন দশমিক ০৪ শতাংশ বেড়ে দুই হাজার ৩৯৬ দশমিক ৩৫ পয়েন্ট হয়।
দিনব্যাপী লেনদেনকৃত ২২৬টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বাড়ে ১৩৮টির এবং কমে ৭১টির। ১৭টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত ছিল। লেনদেন হয়েছে ২৩১ কোটি টাকা মূল্যমানের এক কোটি ৩৯ লাখ ৭৮ হাজার ৯৭৭টি শেয়ার।
লেনদেনের তালিকায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ ছিল শীর্ষে। তবে মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় এ কোম্পানির শেয়ারের দাম শতকরা এক দশমিক ০৫ শতাংশ কমে ৭২৮ টাকা ৫০ পয়সায় দাঁড়ায়। দ্বিতীয় অবস্থানে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম দশমিক ২৭ শতাংশ বেড়ে হয় এক হাজার ৬৩৮ টাকা ২৫ পয়সা।
এ ছাড়া ইসলামী ব্যাংকের শেয়ারের দাম তিন দশমিক ২২ শতাংশ বেড়ে ছয় হাজার ৪৬৭ টাকা হয়। তবে মুনাফা তুলে নেওয়ার কারণে পড়ে যায় ইউসিবিএল এর শেয়ারের দাম। এক দশমিক ০৪ শতাংশ কমে এ ব্যাংকটির শেয়ারের দাম হয় পাঁচ হাজার ৪৪৫ টাকা ৭৫ পয়সা। চার দশমিক ০৯ শতাংশ দাম বেড়ে সাউথ ইস্ট ব্যাংকের শেয়ারের দাম দাঁড়ায় ৫৭২ টাকায়।
লেনদেনে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে এসিআই, আইএফআইসি ব্যাংক, বেক্সিমকো ফার্মা ও বেক্সটেক্স এর শেয়ারের দাম বাড়লেও কমে যায় এবি ব্যাংকের শেয়ারের দাম।
অন্যদিকে, দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেনকৃত শেয়ারের মধ্যে ৭০টি কোম্পানির শেয়ারের দাম বাড়ে, কমে ৫২টির এবং ছয়টি কোম্পানির শেয়ারের দাম থাকে অপরিবর্তিত। এ বাজারে ৪১ কোটি ৪৭ লাখ ৮০ হাজার টাকা মূল্যমানের ৪৬ লাখ ৫৪ হাজার ১৭৯টি শেয়ার লেনদেন হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এএল/এসকে/১৭৫৪ঘ.
bdnews24