২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সঞ্চয়পত্রের মুনাফা থেকে কেটে রাখা অর্থ ফেরত পাবেন গ্রাহকরা

সঞ্চয়পত্রের সুদ বা মুনাফা থেকে ১০ শতাংশ হারে কেটে রাখা উৎসে কর ফেরত বা সমন্বয় করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ। ২৫ হাজার টাকার উপর থেকে দেড় লাখ টাকা পর্যন্ত মুনাফা পাওয়া সঞ্চয়পত্রের গ্রাহকরাই কেবল এ সুবিধা পাবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2007, 02:47 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সঞ্চয়পত্রের সুদ বা মুনাফা থেকে ১০ শতাংশ হারে কেটে রাখা উৎসে কর ফেরত বা সমন্বয় করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ। ২৫ হাজার টাকার উপর থেকে দেড় লাখ টাকা পর্যন্ত মুনাফা পাওয়া সঞ্চয়পত্রের গ্রাহকরাই কেবল এ সুবিধা পাবেন। রোববার বিকেলে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সব ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন এনবিআর চেয়ারম্যান। তিনি জানান, সঞ্চয়পত্রের যে সব গ্রাহক আয়কর সীমার মধ্যে পড়েন না বা কর দেন না তাদের কেটে রাখা অর্থ পর্যায়ক্রমে একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে ফেরত দেওয়া হবে। আর যারা আয়কর দেন তাদের পাওনা টাকা রিটার্ন দাখিলের পর সমন্বয় করা হবে। তবে দেড় লাখ টাকার বেশি মুনাফার ক্ষেত্রে অবশ্যই ১০ শতাংশ হারে উৎসে কর কেটে রাখা হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। একইসঙ্গে তিনি সবার মধ্যে আস্থা ফিরিয়ে আনতে এনবিআরের পক্ষ থেকে ব্যাংক গ্রাহকদের অযথা হয়রানি না করারও আশ্বাস দেন। গত ১০ জুলাই রাজস্ব বোর্ড সঞ্চয়পত্রের মুনাফার উপর ১০ শতাংশ হারে উৎসে কর কেটে রাখার বিষয়ে এক আদেশ জারি করে। তাতে বলা হয়, সঞ্চয়পত্রের মুনাফা ২৫ হাজার টাকার বেশি হলেই ১০ শতাংশ হারে উৎসে কর কেটে রাখা হবে। ওই আদেশ জারির পর বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় ওঠে। এরপর গত ৬ অক্টোবর প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় সঞ্চয়পত্রের দেড় লাখ টাকা পর্যন্ত মুনাফা করমুক্ত করার সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। কিন্তু অধ্যাদেশ জারি না হওয়ায় জাতীয় সঞ্চয় পরিদপ্তর এবং সংশ্লিষ্ট ব্যাংক ও ডাকঘর এনবিআরের আগের আদেশ অনুযায়ী ২৫ হাজার টাকার বেশি মুনাফা থেকে ১০ শতাংশ হারে উৎসে কর কেটে রাখে। পরে ২৯ অক্টোবর রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করেন। ৩০ অক্টোবর তা গেজেট আকারে প্রকাশিত হয়। গেজেটে বলা হয় অধ্যাদেশটি ২০০৭ সালের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে। এনবিআরের চেয়ারম্যান বলেন, "রাষ্ট্রপতি অধ্যাদেশ জারির পর সঞ্চয়পত্রের মুনাফার উপর উৎসে কর কাটা নিয়ে সৃষ্ট যে জটিলতার নিরসণ হয়েছে। এখন আর এ নিয়ে কোনো সমস্যা থাকবে না।" সঞ্চয়পত্রের উৎসে কর কাটা নিয়ে এনবিআরের অবস্থান ব্যাখ্যা করতেই রোববার বাংলাদেশ ব্যাংকে বৈঠক আহ্বান করা হয়। সেখানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা, নির্বাহী পরিচালক মুরশিদ কুলি খান এবং রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ব্যাংক নির্বাহীদের সংগঠন এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সভাপতি এবং ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম আমিনুজ্জামান সাংবাদিকদের বলেন, "বৈঠকে মূলত সঞ্চয়পত্র নিয়ে আলোচনা হয়েছে। এর বাইরে আমরা ব্যবসায়ীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে গ্রাহকদের ঢালাও ব্যাংক হিসাব তলব না করার জন্য এনবিআরের চেয়ারম্যানকে অনুরোধ করেছি। এ ব্যাপারে এনবিআর চেয়ারম্যান ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/এমএইচবি/২০৪১ ঘ.