২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থলপথে বাংলাদেশের প্রসাধনী আমদানি নিষিদ্ধ করেছে কলকাতা কাস্টমস

৬০ বছর আগের একটি আইন দেখিয়ে স্থলপথে বাংলাদেশ থেকে ভারতে প্রসাধনী সামগ্রী আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা কাস্টমস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2007, 06:57 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

সম্প্রতি জারি করা এই নিষেধাজ্ঞার ব্যাপারে ‘বাংলাদেশ কসমেটিক অ্যান্ড টয়লেট্রিজ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন’ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছে।

জানা গেছে, গত ৩০ অক্টোবর ভারতের কলকাতা ‘কমিশন অব কাষ্টমস’ (প্রিভেনটিভ) বৃটিশ সরকার প্রণীত ‘ঔষধ ও কসমেটিক নীতি’ ১৯৪৫ অনুযায়ী এক নির্দেশের মাধ্যমে স্থলবন্দর দিয়ে কসমেটিক পণ্য আমাদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে।

এর ফলে সম্প্রতি বিপুল পরিমান সাবান বেনাপোল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করার পরও ফেরত এসেছে। ভারতের আমদানিকারক বিভিন্ন কোম্পানি তাদের অর্ডার করা মালামাল নিতে পারবে না বলেও জানিয়ে দিয়েছে। তাদের অর্ডার করা পণ্যের উৎপাদন চলছিল বাংলাদেশের অনেক কারখানায়। আকস্মিকভাবে তারা এই সিদ্ধান্ত জানানোয় উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়ে বিপুল আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছেন বাংলাদেশের উৎপাদনকারীরা।

বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে বাংলাদেশ কসমেটিক অ্যান্ড টয়লেট্রিজ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অঞ্জন চৌধুরী বলেন, বাংলাদেশ থেকে সমুদ্র অথবা রেলপথে ভারতে রপ্তানি বাস্তবসম্মত নয়। এছাড়া ১৯৪৫ সালের আমদানি নীতিতে উল্লিখিত কোনো কোনো বন্দরের বর্তমানে অস্তিত্বই নেই।

এ প্রসঙ্গে স্কয়ার টয়লেট্রিজ-এর রপ্তানি বিষয়ক ব্যবস্থাপক খুরশিদ আহমেদ ফরহাদ জানান, “ভারত সরকারের নতুন নীতিতে এই ধরনের কোনো নির্দেশনা নেই। আমরা ১৯৯৯ সাল থেকে সেদেশে পণ্য রপ্তানি করে আসছি।”

তিনি আরও জানান, বিষয়টির সমাধানের জন্য কলকাতায় বাংলাদেশ মিশনকে ভারত সরকারের সঙ্গে আলোচনা করতে অনুরোধ জানানো হয়েছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে ঢাকায় ভারতীয় হাইকমিশনের ইকোনোমিক মিনিস্টার ডি এন শ্রীবাস্তব নফহবংি২৪.পড়স কে বলেন, “সরকারের কাছে বিষয়টি উপস্থাপন করেছি। আশাকরি সমস্যা সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”

প্রসঙ্গত, বিশ্বের ১৪টি দেশে বাংলাদেশের টয়লেট্রিজ এবং কসমেটিক সামগ্রী রপ্তানি হচ্ছে। সিংহভাগই রপ্তানি হয় ভারতে।