২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে টাকার পরিবর্তে কাগজের টোকেন ও দিয়াশলাই

পঞ্চগড়সহ জেলার হাটবাজারগুলোতে বিভিন্ন মূল্যমানের খুচরা নোট ও কয়েন সংকট তীব্র আকার ধারণ করেছে। সংকট সামাল দিতে ব্যবসায়ীরা বিকল্প হিসেবে গত দু’তিন মাস ধরে কাগজের টোকেন ও দিয়াশলাই ব্যবহার করছে। এ অবস্থায় ক্রেতা বিক্রেতারা প্রতিনিয়ত বিপাকে পড়ছেন।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2006, 05:07 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

ব্যবসায়ীরা জানান, হঠাৎ করে গত কয়েকমাস ধরে খুচরা নোট ও কয়েন সংকট দেখা দেয়। ব্যাংকে গেলেও চাহিদামত এসব পাওয়া যায় না। স্থানীয় সোনালী ব্যাংকে কেউ কেউ অতিরিক্ত টাকা দিয়েও কয়েন ও খুচরা নোট সংগ্রহ করছেন বলে জানা গেছে। তবে কর্মকর্তা-কর্মচারীদের পরিচিতরাই এই সুযোগ পাচ্ছে বলে অভিযোগ রয়েছে। ঝামেলা এড়াতে বর্তমানে পঞ্চগড়ের হোটেল - রেস্তোরা ও পানের দোকানগুলোতে কাগজের বিশেষ টোকেন এবং দিয়াশলাইয়ের ব্যবহার বেড়ে গেছে। ১ টাকা, ২ টাকা ও ৫ টাকা মূল্যমানের এসব কাগজের টোকেনে সংশ্লি¬ষ্ট বিভিন্ন হোটেল - রেস্তোরা নাম - ঠিকানা এবং ম্যানেজার বা মালিকের স্বাক্ষর রয়েছে। বেআইনি হলেও এসব দিয়ে একটা নির্দিষ্ট এলাকার মধ্যে অনায়াসে কেনাকাটা চালানো হচ্ছে।

পঞ্চগড় আরজু হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক আমিরুল হক বলেন, ‘বাজারে এ সমস্যার জন্য আমরা ক্রেতাদের খুচরা টাকার বিকল্প হিসেবে টোকেন ও দিয়াশলাই দিচ্ছি। শুক্রবার দুপুরে শহরের সিনেমা হল রোডে অবস্থিত নিউ হোটেলে এক ক্রেতা ১০ টাকার নোট দিয়ে ৮ টাকা নিতে বললে ক্যাশ কাউন্টার থেকে তাকে দুটি দিয়াশলাই ধরিয়ে দিতে দেখা যায়।

এ ব্যাপারে হোটেলের ম্যানেজার সুজন বলেন, খুচরা নোটের অভাবে এটা করতে আমরা বাধ্য হচ্ছি। পঞ্চগড় সোনালী ব্যাংকে অতিরিক্ত টাকা নেয়াসহ পরিচিত ছাড়া কাউকে খুচরা কয়েন দেয়া হয় না বলে অভিযোগ করেছেন হোটেলটির মালিক সফিয়ার রহমান।

তবে স্বজনপ্রীতির এ অভিযোগ অস্বীকার করলেও খুচরা নোট ও কয়েন সংকটের কথা স্বীকার করেছেন পঞ্চগড় সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মো. তোজাম্মেল হক। বিডিনিউজ২৪.কমকে তিনি বলেছেন, খুচরা নোট ও কয়েনের চাহিদার কথা জানিয়ে একাধিকবার বাংলাদেশ ব্যাংকে পত্র দেয়া হয়েছে। কিন্তু চাহিদা মতো সরবরাহ না পাওয়ায় এই সংকটের সৃষ্টি হয়েছে।

এদিকে কিছুদিন আগেও যেখানে দোকানদার ও ক্রেতারা ১ থেকে ১০ টাকা মুল্যমানের ছেঁড়া ময়লা টাকা নিতেন না, এখন তারাই নিরুপায় হয়ে এসব নোট দিয়ে লেনদেন করতে বাধ্য হচ্ছেন।