ইপিজেডগুলোতে শ্রমিক অধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়েছে আইসিএফটিইউ
দেশের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলগুলোতে (ইপিজেড) শ্রমিক অধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়েছে ইন্টারন্যাশনাল কনফেডারেশন অব ফ্রি ট্রেড ইউনিয়নস (আইসিএফটিইউ)।
বিশ্বের ১৫৬ টি দেশের ২৪১টি সংস্থার ১৫ কোটি ৫০ লাখ শ্রমিকের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান আইসিএফটিইউ মঙ্গলবার শ্রমিক অধিকার ও শ্রমমান বিষয়ক নিয়ম অনুযায়ী সুপারিশমালা অনুমোদনের জন্য সরকারের প্রতি আহ্বান জানায়।
আইসিএফটিইউয়ের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সরকার আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সুপারিশ মেনে চলবে এবং রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলগুলোতে অব্যাহত শ্রমিক অধিকার লঙ্ঘনের ব্যাপারে কোন উদ্যোগে নেবে বলে তেমন কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।
প্রতিবেদনে বাংলাদেশের প্রস্তাবিত শ্রম বিধিতে ইপিজেডের জন্য আলাদা বিধি রাখার নিন্দা জানানো হয়।
ব্রাসেলস ভিত্তিক এ শ্রমিক প্রতিষ্ঠানটি তাদের প্রতিবেদনে বলেছে, শ্রম আইনের দিক থেকে বাংলাদেশের ইপিজেডগুলোর আলাদা নিয়ম রাখা উচিত নয়। অধিকাংশ মৌলিক মানবাধিকারের বিষয়গুলোই ইপিজেডগুলোতে মানা হয় না বলে জানিয়েছে আইসিএফটিইউ।
প্রতিষ্ঠানটি আরও জানায়, ২০০৫ সালে দুর্ঘটনা ও সহিংসতার কারণে ৪৮০ জন শ্রমিক নিহত এবং ৯৫০ জন আহত হয়।
বাংলাদেশ আইএলও কনভেনশন ৮৭ এবং ৯৮ এবং আইএলও এর গঠনতন্ত্র ও ইউনিয়ন গঠনের অধিকার সংক্রান্ত আইন অনুমোদন করলেও বিধিবিধান মেনে শ্রমিকদের অধিকারের প্রতি শ্রদ্ধা দেখানো হয়নি বলে আইসিএফটিইউ প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে বাংলাদেশে শ্রমিক ইউনিয়ন করার জন্য ৩০ শতাংশ শ্রমিকের সম্মতি থাকার বাধ্যবাধকতার বিধান এবং আইএলও সুপারিশমালা লঙ্ঘনের নিন্দা জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশে শ্রমিকদের ইউনিয়ন করার ক্ষেত্রে বাধা দেওয়া হয় এবং ইউনিয়নের সদস্যদের হুমকি দেওয়া হয়ে থাকে। এছাড়া যৌথ দরকষাকষি বলতে গেলে দেখাই যায় না। বাংলাদেশে শ্রমিক ধর্মঘটের আইনগত বৈধতা নেই বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
