পাকিস্তান সাফটা চুক্তি লঙ্ঘন করেছে: ভারতের অভিযোগ
ভারত পাকিস্তানের বিরুদ্ধে সাফটা চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে সোমবার বলেছে, অতি দ্রুত এই সমস্যার সমাধান করা না হলে পুরো চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়াই ভেস্তে যেতে পারে।
ভারতের পররাষ্ট্র সচিব শ্যাম শরন সার্ক স্থায়ী কমিটির প্রথমদিনের বৈঠক শেষে সোমবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেন, পাকিস্তানের পদক্ষেপ সাফটা চুক্তির সুস্পষ্ট লংঘন এবং চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়াকে তা ভেস্তে দেবে। তাদের পদক্ষেপ সংশ্লিষ্ট সব পক্ষকেই ক্ষতিগ্রস্ত করবে এবং এটা চুক্তির ভবিষ্যতেরও প্রশ্ন।
শ্যাম শরণ বলেন, এ বছরের জুলাই মাসের ১ তারিখে পাকিস্তান এক বিজ্ঞপ্তির মাধ্যমে সাফটার আওতায় ভারতের জন্য শুল্ক হ্রাস প্রক্রিয়া সীমিত রাখার ঘোষণা দেয়। এটা সাফটা চুক্তির ২৩ ধারার সুষ্পষ্ট লঙ্ঘন।
তবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতীয় পররাষ্ট্র সচিব বলেন, সমস্যার সমাধানে তিনি আশাবাদী।
সার্ক স্থায়ী কমিটির বৈঠকে সদস্য দেশগুলোর পররাষ্ট্র সচিবরা অংশগ্রহণ করেন। প্রতিপক্ষ পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অভিযোগ বৈঠকে মুখ্য স্থান পায়। বাংলাদেশের পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিনের সভাপতিত্বে সোমবার সকালে নগরীর হোটেল শেরাটনে বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত এই বৈঠক চলবে।
বৈঠকে একটি দক্ষিণ এশীয় বিশ্ববিদ্যালয় স্থাপন, টেক্সটাইল ও কুটির শিল্পের জন্য একটি সার্ক মিউজিয়াম স্থাপন, একটি টেলিমেডিসিন নেটওয়ার্ক স্থাপন, সার্ক দুর্যোগ ব্যাবস্থাপনা কেন্দ্র স্থাপন এবং জাহাজ, আকাশ ও সড়ক পথে এই অঞ্চলের যোগাযোগ শক্তিশালীকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
আফগানিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ শাইকাল স্থায়ী কমিটির বৈঠকে অংশগ্রহণ করেছেন।
এদিকে সার্ক মন্ত্রী পরিষদের দুদিনব্যাপী বৈঠক মঙ্গলবার ঢাকায় শুরু হবে। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নগরীর শেরাটন হোটেলে সার্ক পররাষ্ট্র মন্ত্রীদের ওই বৈঠক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
সার্ক মন্ত্রী পরিষদের বৈঠকে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী খান্দু ওয়াংচুক, ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ই আহম্মেদ, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ শাহেদ, নেপালের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী কেপি শারমা ওলি, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খুরশীদ মেহমুদ কাসুরী, শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলা শ্যামারাওয়ারা এবং স্বাগতিক বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী মোরশেদ খান নিজ নিজ দেশের প্রতিনিধি দলের পক্ষে নেতৃত্ব দেবেন।
