২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল সিটি কর্পোরেশনের ৩৩৩ কোটি টাকার বাজেট ঘোষণা

বিগত বছরের সংশোধিত বাজেটের বিপরীতে ২০০৬-০৭ অর্থ বছরের জন্য ৩৩৩ কোটি ৪৪ লাখ ৮৬ হাজার ৮৫৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2006, 10:39 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

বরিশাল সিটি মেয়র মজিবর রহমান সরোয়ার এমপি সোমবার বরিশাল ক্লাব মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্যে এ বাজেট ঘোষণা করেন। সিটি মেয়র হিসেবে এটি তার তৃতীয় বাজেট ঘোষণা।

ঘোষিত বাজেটে নিজস্ব আয় ধরা হয়েছে ৩৫ কোটি ২৭ লাখ ৭৪ হাজার ৯২১ টাকা। সম্ভাব্য অনুদান প্রাপ্তির ওপর ভরসা করে ২৭৮ কোটি ৩০ লাখ ৩৭ হাজার ২৪৪ টাকার উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে।

এ ছাড়া বাজেটে প্রারম্ভিক স্থিতি বাবদ ১৩ কোটি ৫৫ লাশ ৭৪ হাজার ৬৯২ টাকা এবং সাহায্য নির্ভর আয় বাবদ ৬ কোটি ৩১ লাখ টাকা দেখানো হয়েছে। নতুন এ বাজেটে ৩৫টি উন্নয়ন প্রকল্প অন্তর্ভূক্ত করা হয়েছে বলে জানা গেছে।

এ বাজেটে তিনটি প্রকল্পের আওতায় ৪১টিসহ আরও বেশ কিছু প্রকল্প বাস্তবায়নের টার্গেট করা হয়েছে।

একনেকের বৈঠকে বরিশাল নগরীতে পানি সরবরাহ ও ভূ-গর্ভস্থ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনে ২৮ কোটি টাকার প্রকল্প পাস হওয়ার কথা উল্লেখ করে সিটি মেয়র বলেন, নগরবাসীর মাঝে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য শিগগিরই একটি পানিবাহী গাড়ি কেনা হবে।

পরে তিনি বাজেট ঘোষণা অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে যোগ দেয়ার আগে তিনি নগর ভবন কার্যালয়ে ওয়ার্ড কমিশনারদের সাথে বৈঠক করেন।

এসময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।