দেশে ২০০৫ সালে ৪২৩টি দুর্নীতির ঘটনায় ক্ষতির পরিমাণ ৫২৬ কোটি টাকা
দেশে ২০০৫ সালে ৪২৩টি দুর্নীতির ঘটনায় মোট ৫২৬ কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হয়েছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ‘করাপশন ডাটাবেজ ২০০৫’ প্রতিবেদনে একথা বলা হয়। বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, দুর্নীতির দিক থেকে শীর্ষে রয়েছে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাত। ২০০৫ সালে এ খাতে দুর্নীতির পরিমাণ ২০৮ কোটি টাকারও বেশি। এরপরই রয়েছে বিদ্যুৎ ও বন বিভাগ। এ দুই খাতে দুর্নীতির পরিমাণ ৬৭ কোটি ৯৯ লাখ এবং ৬৭ কোটি ২৫ লাখ টাকারও বেশী।
টিআইবির সহকারী গবেষক তানভীর মাহমুদ সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন উপস্থাপন করেন। এতে বক্তব্য রাখেন টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোজাফ্ফর আহমেদ।
২০০৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে দেশের মোট ২৬ টি দৈনিক পত্রিকার ২ হাজার ১২৮টি সংবাদ পর্যালোচনা করে এ প্রতিবেদন তৈরি করা হয়।
উল্লেখ্য, টিআইবি ২০০০ সাল থেকে দেশের দুর্নীতি নিয়ে গবেষণা চালিয়ে আসছে। বাংলাদেশের দৈনিক পত্রিকাগুলোর ভিত্তিতে প্রণীত এ ডাটাবেজ টিআইবির দুর্নীতিবিষয়ক ৮ম গবেষণা প্রতিবেদন।
(বিস্তারিত...)
