ঢাবি’র ১২৬ কোটি টাকার বাজেট পেশ করা হবে মঙ্গলবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৬--০৭ অর্থবছরের ১২৬ কোটি টাকার বাজেট মঙ্গলবার সিনেটে পেশ করা হবে। কোষাধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আবুল কালাম আজাদ বিকেল ৩ টায় সিনেটের বার্ষিক অধিবেশনে এ বাজেট পেশ করবেন।
উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ সভাপতিত্বে সিনেট সদস্যবৃন্দ এ অধিবেশনে যোগ দেবেন। কোষাধ্যক্ষ জ্নাান, এ বছরই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ব্যালেন্স বাজেট ঘোষণা করা হচ্ছে।
এছাড়াও সিনেটে ঢাবির প্রথম আর্থিক সংবিধি পাশ করা হবে বলে জানান তিনি।
অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, ২০০৬--০৭ অর্থ বছরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ১১৪ কোটি টাকার বরাদ্দ দেবে এছাড়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ১২ কোটি টাকাসহ বাজেটে মোট বরাদ্দ থাকছে ১২৬ কোটি টাকা।
কোষাধ্যক্ষ আরো জানান, আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনা, জবাবদিহিতা নিশ্চিত করা, আর্থিক স্বচ্ছতা বজায় রাখা এবং অপচয় রোধ করার জন্য প্রথমবারের মতো আর্থিক সংবিধি গ্রহণ করা হবে। সিন্ডিকেট এ আর্থিক সংবিধির ব্যপারে সিনেটে সুপারিশ করার পর তা পাশ হবে।
