বিদ্যুৎ খাতে বাংলাদেশকে ৫০০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি
দেশের তীব্র বিদ্যুৎ সংকট থেকে উত্তরণে সহায়তার লক্ষ্যে বাংলাদেশকে চলতি বছরের মধ্যে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) মঙ্গলবার জানিয়েছে।
‘প্রকল্পটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে এবং এটা অনুমোদনের জন্য অতি দ্রুত ব্যাংকের পরিচালনা পরিষদের কাছে পাঠানো হবে’। বাংলাদেশে এডিবি’র আবাসিক প্রতিনিধি হুয়া দু অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের সাথে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন।
এডিবির সফররত নির্বাহী পরিচালক (ইডি) এমিল গোভরু অর্থ মন্ত্রণালয়ে সাইফুর রহমানের সাথে সাক্ষাতকালে হুয়া দু তার সাথে ছিলেন।
হুয়া দু বলেন, এডিবি ইতিমধ্যে বাংলাদেশকে কিছু বিদ্যুৎ প্রকল্পে ঋণ দিয়েছে এবং এগুলোর মধ্যে নতুনটি হবে সবচেয়ে বড়।
বাংলাদেশের বিদ্যুৎ খাত উন্নয়নে সহায়তা করাই এডিবি’র এই প্রকল্পের উদ্দেশ্য বলে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান অভিমত ব্যাক্ত করেন।
সাইফুর রহমান আরো বলেন, বিশ্ব ব্যাংকের মতো পশ্চিমা পদ্ধতির পরিবর্তে এশিয়ার অনুকূল পদ্ধতিতে ব্যাংক পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে তিনি এডিবি কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন।
এমিল গোভরু দারিদ্য বিমোচনে প্রসংসনীয় অর্জন এবং শিক্ষা খাতের উন্নয়নে সন্তুষ্টি প্রকাশ করেন।
এডিবির নির্বাহী পরিচালক বলেন, ‘বেসরকারী খাতের উন্নয়ন, সংস্কার বাস্তবায়ন এবং টেকসই জ্বালানি নিশ্চিত করা হলো ভবিষতের কয়েকটি চ্যালেঞ্জ, যা নির্বিঘœ উন্নয়নের স্বার্থে সঠিকভাবে পরিচালিত হওয়া উচিত’।
১৯৮৮ থেকে ১৯৯৩ পর্যন্ত বাংলাদেশে কানাডার রাষ্ট্রদূত এমিল গোভরু বলেন, তার পুরানো বন্ধু সাইফুর রহমানের সাথে দেখা করার জন্য তিনি এখানে এসেছেন।
