সম্পদের অভাবে বার্ষিক উন্নয়ন কর্মসূচি থেকে ৮ শতাংশ কমানো হচ্ছে
প্রয়োজনীয় সম্পদের অভাবে চলতি বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে আট শতাংশ কমানো হচ্ছে বলে সূত্র জানিয়েছে। চলতি এডিপি’র পরিমাণ ২৪,৫০০ কোটি টাকা যা কমিয়ে ২২,৫৪০ কোটি টাকায় আনা হচ্ছে।
পরিকল্পনা কমিশনে মঙ্গলবার অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এডিপি পর্যালোচনা বৈঠকে এ তথ্য জানানো হয়। পরিকল্পনা সচিব আখতার হোসেন খানসহ পরিকল্পনা কমিশনের ছয় বিভাগীয় প্রধান বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে চলতি অর্থ বছরে বাস্তবায়নের লক্ষ্যে ছয়টি খসড়াসহ ২৫টি নতুন প্রকল্প গ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়।
সাইফুর রহমান বলেন, রাজস্ব আয়ের ঘাটতির কারণেই আমরা বর্তমান বার্ষিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দের পরিমান কমাতে যাচ্ছি।
তিনি আরো বলেন, অগ্রাধিকার ভিত্তিতে আমরা বিশেষ করে কৃষি, অবকাঠামো, বিদ্যুৎ ও বস্ত্র খাতে নতুন প্রকল্প হাতে নিয়েছি।
সম্পদের অভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, রাজস্ব আদায় বিশেষ করে আমদানি কর আদায়ের পরিমান খুবই কম।
তিনি আরো বলেন, বর্তমান অর্থ বছরে রাজস্ব ঘাটতির পেছনে প্রধান কারণ হল- তেল আমদানি থেকে রাজস্ব আয় না থাকা এবং আমদানিকৃত অন্যান্য শিল্পের শুল্ক হ্রাস।
বৈঠকে তিনি অবকাঠামোগত খাতের প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের জন্যে গুরুত্বারোপ করেন।
অর্থমন্ত্রী বলেন, কেবল বিদেশি সাহায্যপুষ্ট প্রকল্পগুলো কমিয়ে আনা হবে। বিভিন্ন মন্ত্রণালয়ে বরাদ্দকৃত যেসব তহবিল ব্যয় করা হয়নি, তা নতুন প্রকল্পগুলোতে পুনর্বন্টন করা হবে।
আখতার হোসেন বলেন, চাঁদপুর বিদ্যুৎ প্রকল্প, টেক্সটাইলের ওপর কয়েকটি ভকেশনাল প্রশিক্ষণ কেন্দ্র, বিদ্যুৎ কেন্দ্রগুলোর রক্ষাণাবেক্ষণ এবং পুরোনো বিদ্যুৎ কেন্দ্রগুলোর সংস্কারের জন্যে আমরা ২৫টি নতুন প্রকল্প হাতে নিয়েছি।
বর্তমান বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ৯৪টি প্রকল্প রয়েছে। এর মধ্যে ৫৫টি নতুন প্রকল্প বাস্তবায়নাধীন।
