২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুদানের অর্থ সদব্যবহারের আহ্বান জানিয়েছে ইউরোপীয় কমিশন

ইউরোপীয় কমিশনের (ইসি) উচ্চপর্যায়ের সফররত প্রতিনিধি দল সোমবার অনুদানের অধিক কার্যকর ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2006, 07:22 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

ইউরোপীয় কমিশনের বহির্যোগাযোগ বিভাগের উপমহাপরিচালক হার্ভে জুয়ানজিয়ানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল সোমবার অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের সাথে এক বৈঠকের পর সাংবাদিক বলেন, অনুদানের অর্থের কার্যকর ব্যবহারের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতিনিধি দল অর্থমন্ত্রীর সাথে দেশের বাণিজ্যিক সক্ষমতা এবং ইউরোপীয় কমিশনের অর্থসহায়তায় পরিচালিত প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে আলোচনা করেন।

বাংলাদেশ ইসি যৌথ কমিশনের বৈঠকে যোগ দিতে প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে। মঙ্গলবার থেকে দু’ দিনব্যাপী এ বৈঠক রাজধানীতে শুরু হচ্ছে।

প্রতিনিধি দলের অপর সদস্যরা হলেন ড. স্টিফেন ফ্রোইন, হেলেন ক্যাম্পেবেল, বিয়াট্রিজ মার্টিন্স, চার্লস হোয়াইটলে।

অর্থ ও বাণিজ্য খাতে বিশেষ করে রফতানি উন্নয়ন ও বহুমুখীকরণের ইসি’র সহায়তায় পরিচালিত প্রকল্প ও কর্মসূচি ব্যাপারে সহযোগিতা জোরদার করতে ইসি প্রতিনিধিরা বাংলাদেশ সফর করছেন। এছাড়া মেধাসম্পদ ও মান নিয়ন্ত্রণের ব্যাপারেও তাদের সহযোগিতার লক্ষ্য রয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থার ব্যাপারে বাংলাদেশের সক্ষমতা জোরদার করার ক্ষেত্রেও ইসি সহযোগিতা করবে।

প্রতিনিধি দল আরও জানায়, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের এক্ষেত্রে এগিয়ে আসার ব্যাপারে ইসি সহযোগিতা দেবে।

অর্থনৈতিক কর্মসূচির মধ্যে ইসি বর্তমানে স্বাস্থ্য কর্মসূচিতে বড় ধরনের আর্থিক সহযোগিতা প্রদান করছে।