বাংলাদেশের তৈরি খাতে বিনিয়োগ করতে জাপানের প্রতি ব্যবসায়ীদের আহ্বান
বাংলাদেশের তৈরি (ম্যানুফেকচারিং) খাতে বিনিয়োগ বৃদ্ধি ও বাংলাদেশ থেকে আরো বেশি পরিমাণে পোশাক আমদানি করতে ব্যবসায়ীরা সোমবার জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) মিলনায়তনে আয়োজিত ‘বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়ন : জাপান-বাংলাদেশ পদক্ষেপ’ শীর্ষক সেমিনারে ব্যবসায়ীরা জাপানের প্রতি এ অনুরোধ জানান।
ডিসিসিআই ও জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই) যৌথভাবে সেমিনারটির আয়োজন করে।
ডিসিসিআই সভাপতি এম এ মোমেন বলেন, সেবা খাতের চেয়ে তৈরি খাতে আমরা আরো বেশি জাপানি বিনিয়োগ দেখতে চাই।
জেবিসিসিআই সহসভাপতি হিদিও ইউইনি বলেন, শ্রম শক্তির পর্যাপ্ততা, এশিয়ার মধ্যে শ্রমিকদের সবচে’ সস্তা মজুরি স্তর, গ্যাস ও বিদ্যুতের তুলনামূলক কমমূল্য হওয়ার কারণে বাংলাদেশে বিনিয়োগের স্বার্থকতা নিহিত রয়েছে।
হিদিও ইউইনি বলেন, তবে কৌশলগত পরিবহন পরিকল্পনার অনুপস্থিতি, রাজনৈতিক অস্থিরতা, অপর্যাপ্ত উপাত্ত এবং দুর্বল অবকাঠামোগত ব্যবস্থা বাংলাদেশে সরাসরি বিদেশী বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ করার পথে বাঁধা।
বিনিয়োগ বোর্ড সূত্র জানায়, বাংলাদেশে ২০০৫ সালে ৮০০ মিলিয়ন মার্কিন ডলার এফডিআই’র মধ্যে ৩৬ শতাংশ এসেছে সেবা খাতে, ৩১ শতাংশ তৈরি খাতে, ২০ শতাংশ জ্বালানি ও বিদ্যুৎ খাতে এবং ১৩ শতাংশ অন্যান্য খাতে।
বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত মাতসুশিরো হরিগুচি সেমিনারে যথাক্রমে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মীর নাসির হোসেন, আন্তর্জাতিক চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান এবং জেবিসিসিআই সভাপতি মতিউর রহমান সেমিনারে বক্তব্য রাখেন।
ডিসিসিআই সভাপতি এম এ মোমেন বলেন, দেশের তৈরি খাতে বিশেষ করে অত্যাধুনিক প্রযুক্তি শিল্পে আরো বেশি বিনিয়োগ প্রযুক্তির স্থানান্তর করতে সক্ষম হবে।
এম এ মোমেন বলেন, দেশে আরো বেশি এফডিআই আকর্ষণ করতে কর অবকাশ বৃদ্ধি করা প্রয়োজন।
এক্ষেত্রে ডিসিসিআই সভাপতি মিশরসহ অনেক দেশ বৈদেশিক বিনিয়োগকারীদের আকর্ষণ করতে ৪০ বছরের জন্যে কর অবকাশ প্রদান করে বলে উল্লেখ করেন।
বাংলাদেশ থেকে আরো বেশি পোশাক আমদানি করতে সেমিনারে ব্যবসায়ীরা জাপানের প্রতি আহ্বান জানান।
ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জানান, জাপানে ২৭ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ বি¯তৃত পোশাক বাজার রয়েছে। অথচ তারা বাংলাদেশ থেকে মাত্র ২০ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ পোশাক আমদানি করে।
সেমিনারের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেন, বেসরকারি খাত-নেতৃত্বাধীন প্রবৃদ্ধির জন্যে সরকার একটি উন্নয়ন কৌশল নির্ধারণ এবং দেশী ও বিদেশী বিনিয়োগকারীদের জন্যে সমঅধিকার প্রতিষ্ঠার চেষ্টা করছে।
এশিয়ার দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির কার্যকর ক্ষেত্র চিহ্নিত করতে বাণিজ্যমন্ত্রী ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত মাতসুশিরো হরিগুচি বলেন, দক্ষিণ এশিয়া সারা বিশ্বের ব্যবসায়ীদের আকর্ষণে পরিণত হয়েছে। এ সুযোগকে কাজে লাগাতে তিনি বাংলাদেশের প্রতি আহ্বান জানান।
