২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার খাতে ভর্তুকি বাবদ বিসিআইসিকে আরও ২১৭.৭৮ টাকা দিয়েছে সরকার

অর্থ মন্ত্রাণালয় বাংলাদেশ কেমিক্যাল ইন্ড্রাষ্ট্রিজ কর্পোরেশনকে (বিসিআইসি) গত পাঁচ বছরে মোট ভর্তুকি এক হাজার কোটির মধ্যে আরও ২১৭ দশমিক ৭৮ কোটি টাকা পরিশোধ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2006, 07:19 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

বিসিআইসির একজন উর্দ্ধতন কর্মকর্তা বলেন, সরকার গত সপ্তাহে এক হাজার কোটি টাকার মধ্যে কর্পোরেশনের বিপরীতে মাত্র ২১৭ দশমিক ৭৮ কোটি টাকা ছাড় করেছে।

তিনি বলেন, কর্পোরেশনের অধীন ছয়টি ইউরিয়া সার কারখানার জরুরি মেরামতের জন্য এ বরাদ্দ পর্যাপ্ত নয়।

অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে প্রশ্ন করা হলে বলেন, সম্পূর্ণ তহবিল ছাড় করানোর জন্য সরকার যথাসম্ভব প্রচেষ্টা চালাচ্ছে। সর্বশেষ ছাড়কৃত ২১৭ কোটি টাকাসহ চলতি অর্থবছরে বিসিআইসিকে মোট ৩৫০ কোটি টাকা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বিসিআইসি ভর্তুকি দরে সার বিক্রির কারণে প্রতি বছর গড়ে প্রায় ২০০ কোটি টাকা লোকসানের সম্মুখীন হচ্ছে। ভর্তুকির কারণে সরকারের কাছে তাদের পাওনা দাঁড়িয়েছে প্রায় এক হাজার কোটি টাকা।

প্রতি টন ইউরিয়া উৎপাদনে বিসিআইসির ব্যয় হয় ৬ হাজার ৫০০ টাকা, কিন্তু সরকারি নীতিমালার কারণে প্রতি টন বিক্রি করা হয় ৪ হাজার ৮০০ টাকায়। এতে টন প্রতি ১ হাজার ৭০০ টাকা লোকসান হয়।

সূত্র জানায় ছয়টি সার কারখানার মেরামত কাজের জন্য বর্তমানে বিসিআইসি’কে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই কারখানাগুলো ১৮ দশমিক ৩৬ লাখ টন ইউরিয়া উৎপাদনে সক্ষম, যা অভ্যন্তরীণ চাহিদার দুই তৃতীয়াংশ পূরণ করে।

বিসিআইসির একজন কর্মকর্তা জানান, যান্ত্রিক সমস্যায় উৎপাদন ঘাটতির কারণে সরকার অভ্যন্তরীণ চাহিদা মেটাতে উচ্চ মূল্যে ইউরিয়া আমদানি করতে বাধ্য হচ্ছে।

বিসিআইসির অধীন ছয়টি ইউরিয়া সার কারখানার মধ্যে অন্যতম যমুনা সার কারখানায় যান্ত্রিক ত্রুটির কারণে গত সোমবার ছয় মাসের মধ্যে তৃতীয়বারের মতো উৎপাদন বন্ধ হয়ে যায়।

বিসিআইসি সূত্র জানায়, জিয়া সার কারখানার উৎপাদনও যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। একই কারণে চট্রগ্রাম ইউরিয়া সার কারখানার উৎপাদন গত বছর মোট ৬১ দিন বন্ধ থাকে।

বিসিআইসির একজন উর্দ্ধতন কর্মকর্তা বিডিনিউজকে বলেন, ইউরিয়া সার কারখানার যন্ত্রপাতি অত্যন্ত স্পর্শকাতর এবং নিরবছিন্ন উৎপাদনের জন্য এগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রয়োজন।

সরকার প্রতি টন ইউরিয়া আমদানিতে ব্যয় করছে ১৮ হাজার টাকা, বিপরীতে স্থানীয় কারখানাগুলো তা বিক্রি করছে মাত্র ৪ হাজার ৮০০ টাকায়।

যদিও সরকার বাজেট বরাদ্দে কৃষি খাতে ভর্তুকির পরিমাণ ২০০৩-০৪ অর্থবছরে ৩০০ কোটি টাকা থেকে ২০০৪-০৫ অর্থবছরে এক হাজার ২০০ কোটি টাকায় বৃদ্ধি করলেও এতে করে বিসিআইসি’র কোনও লাভ হয়নি।

চলতি বছর দেশে ২৮ লাখ টন ইউরিয়ার প্রয়োজন হবে। এর মধ্যে ছয়টি কারখানা খেকে ১৮ দশমিক ৩৬ লাখ টন উৎপাদন হবে, বাকি চাহিদা আমদানির মাধ্যমে মেটানো হবে।

বিসিআইসি’র ইউরিয়া কারখানাগুলোতে ২০০১-০২ অর্থবছরে ১৫ লাখ টন ইউরিয়া উৎপাদন হয় এবং ভর্তুকি দরে তা বিক্রি করায় ১৮০ কোটি টাকা লোকসান হয়। এর পরের বছর উৎপাদন হয় ২০ টন এবং লোকসান হয় ২৪০ কোটি টাকা।

চলতি অর্থবছরে একই কারণে কর্পোরেশন ২২৮ কোটি টাকা লোকসানের সম্মুখীন হবে বলেও সূত্র জানায়।