২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোনের মালিকানা নিয়ে চাপে রয়েছে নরওয়ে

বাংলাদেশের গ্রামীণফোনের নিয়ন্ত্রণ নিয়ে সৃষ্ট বিতর্ক শুরুর পর থেকে নরওয়ে সরকারের ওপর চাপ ক্রমশ বাড়ছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Dec 2006, 06:37 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূস গ্রামীণফোনের নিয়ন্ত্রণ বাংলাদেশের দরিদ্র নারীদের হাতে থাকা উচিত বলে মন্তব্য করার পর থেকে এ নিয়ে বিতর্ক শুরু হয়।

প্রতিষ্ঠার দশ বছরে এক কোটি গ্রাহককে সেবা দানকারী গ্রামীণফোনের ৬২ শতাংশ মালিকানা নরওয়ের রাষ্ট্রায়ত্ত্ব কোম্পানি টেলিনরের। বাকি ৩৮ শতাংশের মালিক গ্রামীণ ব্যাংক পরিবারের প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম।

রোববার নোবেল পুরস্কার গ্রহণের সময়ও ইউনূস গ্রামীণফোনের নিয়ন্ত্রণভার বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর হাতে ছেড়ে দেওয়ার বিষয়টির ওপর জোর দেন।

তিনি বলেন, “আমাদের মূল উদ্দেশ্য ছিল এই কোম্পানির অধিকাংশ মালিকানা বাংলাদেশের দরিদ্র নারীদের হাতে ছেড়ে দিয়ে একে একটি সামাজিক ব্যবসায় রূপান্তর করা। আমরা সে লক্ষ্যেই কাজ করছি। একদিন গ্রামীণফোন দরিদ্র জনগোষ্ঠীর মালিকানাধীন একটি বড় ব্যবসায়ীক প্রতিষ্ঠানের উদাহরণে পরিণত হবে।”

টেলিনরে তাদের অংশীদারিত্ব ৫৪ শতাংশ হওয়া সত্ত্বেও নরওয়ে সরকার এ বিতর্ক থেকে দূরে থাকতে চাচ্ছিল। তাদের পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণফোনের মালিকানা নিয়ে সৃষ্ট বিতর্ক দুই ব্যবসায়ীক অংশীদারের মধ্যে এবং তাদেরকেই এই সমস্যার সমাধান করতে হবে।

তবে নরওয়ের পার্লামেন্টের প্রেসিডেন্ট থোরবোয়ার্ন ইয়াগল্যান্ড ইউনূসের দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, টেলিনরের উচিত এর মালিকানা সঙ্কুচিত করা।

শ্রমিক দলের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, “আমি ইউনূসের সঙ্গে পুরোপুরি একমত। সে কারণেই ইউনূস যখন প্রথমবার বলেছিলেন গ্রামীণ টেলিকম গ্রামীনফোনের অধিকাংশ শেয়ারের মালিকানা পেতে আগ্রহী তখন প্রথম যারা তাকে সমর্থন করেছিলেন আমি ছিলাম তাদের একজন।”

“আমি আশা করি টেলিনর এখন গ্রামীণ টেলিকমের সঙ্গে সমঝোতায় আসবে এবং নিজেদের অংশীদারিত্ব কমিয়ে আনবে।”

ইয়াগল্যান্ড ১৯৯৬-১৯৯৭ সালে দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। তার দায়িত্ব গ্রহণের অল্প কিছুদিন আগে গ্রামীণফোন প্রতিষ্ঠিত হয়।

শনিবার ডেইলি ডগব্লাডেট ১৯৯৬ সালে দুই পক্ষের মধ্যে স্বাক্ষরিত চুক্তির উদ্ধৃতি দিয়ে জানায়, টেলিনর ছয় বছরের মধ্যে নিজেদের অংশীদারিত্ব ৩৫ শতাংশের নিচে নামিয়ে আনতে চেয়েছিল।

তবে টেলিনর বলছে, গ্রামীণ টেলিকমকে গ্রামীণফোনের মালিকানা থেকে বঞ্চিত করার কোনো ইচ্ছেই তাদের নেই। অন্যদিকে ইউনূস বলছেন, টেলিনরের মূল উদ্দেশ্য সবসময়ই ছিল ব্যবসা।