২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর নায্যমূল্যের বিক্রয় কেন্দ্র চালু রাখবে

ঈদ-উল আযাহার সময় দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার কথা বিবেচনা করে সরকার রাজধানী এবং অপর প্রধান নগরীগুলোতে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) পরিচালিত নায্যমূল্যের বিক্রয় কেন্দ্র চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে। অর্থ উপদেষ্টা আকবর আলি খান বুধবার এ তথ্য জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2006, 11:36 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

অর্থ উপদেষ্টা আকবর আলি খান সাংবাদিকদের বলেন, “বিগত রমজান মাসের সময় নায্যমূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বিক্রিতে বিডিআরের ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয়েছে। ঈদ-উল আযাহা উপলক্ষে তত্ত্বাবধায়ক সরকারও একই রকম করার চিন্তাভাবনা করছে।”

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের উর্দ্ধগতি কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় তা নিয়ে সরকার কাজ করছে উল্লেখ করে আকবর আলি খান বলেন, “নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আমদানিকারকদের সংখ্যা বাড়ানোর জন্য আমি ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্ণরকে নির্দেশ দিয়েছি।”

বর্তমানে দেশের বাইরে অবস্থান করা গভর্ণর দেশে ফিরে এ ব্যাপারে ব্যবস্থা নেবেন বলেও উপদেষ্টা জানান।

এর আগে গত সপ্তাহে উপদেষ্টা বলেছিলেন, আমদানিকারকদের বর্তমান সংখ্যা ২০ থেকে ৩০ এর স্থলে ৩০০ তে বৃদ্ধি করা হলে আর কোন সিন্ডিকেট থাকবে না।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির পেছনে তিনি রাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক সমস্যাকে দায়ি করেন।

উপদেষ্টা আরো বলেন, “এমনকি সয়াবিন ও আটার মতো কিছু কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কলকাতার চেয়ে এখন পর্যন্ত ঢাকায় অনেক কম।”

তিনি বলেন, “রাজনৈতিক পরিস্থিতি আমাকে চারটি মন্ত্রণালয়ের দৈনন্দিন কাজ থেকে বাইরে রেখেছে।”

আকবর আলি আরো বলেন, “অতিমাত্রায় রাজনৈতিক চাপের কারণে অমি অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে মনোনিবেশ করতে পারছি না।”

বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক নিয়োগ বাতিলের বিষয়ে তিনি বলেন, “আমরা বিষয়টি পর্যালোচনা করে দেখছি। আর কিছু কিছু ব্যাক্তি এমনিতেই ইতিমধ্যে তাদের পদ ছেড়ে দিতে প্রস্তুত রয়েছেন।