২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর শপিং মলগুলোতে সন্ধ্যায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হচ্ছে না

সরকার রাজধানীর শপিং মলগুলোতে সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত পাল্টে ফেলেছে।  দোকান মালিকদের প্রতিবাদ ও আন্দোলনের হুমকির ফলে রোববার সরকার তার সিদ্ধান্ত পাল্টে ফেলে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2006, 07:25 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলালউদ্দিন আহমেদ বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিবের সাথে তার কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ‘ঈদুল ফিতর সামনে রেখে দোকান মালিকদের অবস্থা বিবেচনা করে সরকার পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করেছে। বিদ্যুৎ সরবরাহ আগের মতোই স্বাভাবিক থাকবে।’

বিদ্যুৎ সচিব এএনএম আখতার হোসেন দোকান মালিকরা সরবরাহ করা বিদ্যুতের ৬০ শতাংশ ব্যবহারের ব্যাপারে সম্মত হয়েছেন বলে সাংবাদিকদের জানান।

তিনি বলেন,  দোকান মালিকরা সরকারের সিদ্ধান্ত মেনে চলছে কি না বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও দোকান মালিকদের প্রতিনিধিদের নিয়ে গঠিত কমিটি তা তদারক করবে।

দোকান মালিকরা যেসব মার্কারি বাল্ব ব্যবহার করেন তাতে প্রচুর বিদ্যুৎ খরচ হয় বলে তিনি জানান।

এর আগে সরকার বৃহস্পতিবার ইফতার ও তারাবির সময় বাড়িঘর ও মসজিদে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার জন্য রাজধানীর শপিং মলগুলোতে সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল।

ঈদ মৌসুমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখলে ব্যবসার ওপর মারাত্মক প্রভাব পড়বে বলে সরকারের এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান ব্যবসায়ীরা।

সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকা নগর দোকান মালিক সমিতি রোববার সকালে সংবাদ সম্মেলনও করে। এতে ব্যবসায়ীরা সরকারের সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানান।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘শপিং মলগুলোতে বিদ্যুৎ সাশ্রয়ের ফলে মাত্র ৫০ মেগাওয়াট বিদ্যুৎ বাঁচবে। ভিআইপি, সরকারি আমলা এবং বড় ব্যবসায়ীদের বাড়িতে এয়ারকন্ডিশনার চালু রাখায় প্রতিদিন বিদ্যুৎ খরচ হয় ৬০ থেকে ৭০ মেগাওয়াট।’

দাবি না মানা হলে তারা কঠোর আন্দোলনে নামারও হুমকি দিয়েছিল।