২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সারা বছর ফলনশীল ‘মিন্টু’ নামের নতুন হাইব্রিড টমেটো উদ্ভাবন

দেশে এই প্রথম সারা বছর ফলনশীল ‘মিন্টু’ নামের নতুন হাইব্রিড জাতের টমেটোর উদ্ভাবন করেছে ইস্ট ওয়েস্ট সীড (বাংলাদেশ) লি.।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2006, 06:59 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

গাজীপুরের কার্যালয়ে কোম্পানির চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তার নামে হাইব্রিড জাতের টমেটোর উদ্ভাবন এবং এর ফলন সম্পর্কে অবহিত করেন। এসময় উপস্থিত ছিলেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম, ব্যপস্থাপক কর্নেল (অব.) এমএস জাহাঙ্গীর, কোম্পানির গবেষক জিএম মোহসীন, কানাডা ভিত্তিক সংস্থা এজিবাওস এর ড. ডোনাল ম্যাকেজি, অধ্যাপক এমদাদুল হক এবং নতুন টমেটোর উদ্ভাবক সেলিনা সুলতানা।  

সাবেক এফবিসিসিআই সভাপতি বলেন, প্রায় ছয় বছর ধরে সেলিনা সুলতানা এবং শ্যামলী সাহার গবেষণায় পর্যায়ক্রমিক উন্নতির মাধ্যমে ১২ মাস ফলনশীল নতুন এ টমেটো উদ্ভাবন করা হয়েছে।

নতুন হাইব্রিড জাতের টমেটোর ফলন অন্য টমেটোর চেয়ে একর প্রতি ১০ থেকে ১৫ টন বেশি উৎপাদিত হয়। তবে গ্রীষ্মকালে এর উৎপাদন ক্ষমতা ৩০ শতাংশ হ্রাস পায়। আগামী বছর থেকে এ টমেটো ব্যাপকভাবে বাজারজাত করা হবে।

তিনি বলেন, ভারত থেকে আমদানিকৃত ১০ কোটি টাকার টমেটো বীজের মাধ্যমে আমরা দেশের চাহিদা মিটিয়ে থাকি।

সেলিনা সুলতানা বলেন, বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠানের দু’ধরনের হাইব্রিড বীজ থাকলেও তা সারা বছর উৎপাদিত হয় না।

তিনি বলেন, বিভিন্ন দৃষ্টিকোন থেকে তুলনা করলে দেখা যায়, নতুন এ টমেটোর ফলন ভাল।

ইতোমধ্যে কোম্পানি ডেল্টা ও উন্নয়ন নামে আরো দু’ধরনের হাইব্রিড টমেটো বাজারজাত করেছে। এছাড়াও মুক্তপরাগায়নের মাধ্যমে আরো তিনটি বীজ বাজারজাত করা হচ্ছে।

কোম্পানির উৎপাদিত সবজি বীজের মধ্যে রয়েছে করলা ঝিঙ্গা, কুমড়া, মিষ্টি কুমড়া, লাউ এবং বিভিন্ন শাক, যেমন লাল শাক, পুঁই শাক, পালং শাক ইত্যাদি।

১৯৯৬ সালে কোম্পানি প্রতিষ্ঠা করা হলেও ২০০২ সালে বীজ বাজারজাতকরণ শুরু হয়। প্রায় ৪৫ একর জমির ওপর গাজীপুরে প্রতিষ্ঠানটির গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে এবং নতুন ল্যাব নির্মানাধীন রয়েছে। আধুনিক পদ্ধতিতে প্রতিষ্ঠানটি বীজ সংরক্ষণ করে।

ঢাকার বাইরে ঠাকুরগাঁও, লালমনিরহাট, মেহেরপুর এবং রংপুরে বীজ উৎপাদন কেন্দ্র রয়েছে।