২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষিখাতে অগ্রগতি আনতে ভিয়েতনামের সহায়তা চেয়েছে বাংলাদেশ

বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে প্রথমবারের মত আসন্ন জয়েন্ট ইকোনোমিক কমিশনের (জেইসি) সভায় ঢাকা কৃষি খাতের মানোন্নয়ন ঘটাতে হ্যানয়ের কাছে সহায়তা চাইবে বলে সরকারি সূত্রে জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2006, 08:14 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

ইকোনোমিক রিলেশন্স ডিভিশনের (ইআরডি) উচ্চপদস্থ এক কর্মকর্তা বিডিনিউজকে জানান, ইআরডি সচিব ইসমাঈল জাবিউল্লাহ’র সভাপতিত্বে রোববার ইআরডি কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তাটি বলেন, বাংলাদেশ থেকে প্রস্তুতকৃত চামড়া আমদানি করতে ঢাকা হ্যানয়ের প্রতি আহ্বান জানাবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ৬-৭ ফেব্র“য়ারির নির্ধারিত জেইসি’র বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন।

সরকারি সূত্রে জানা যায়, বেসরকারি খাতের প্রতিনিধি হিসেবে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সভাপতি ও ঢাকা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (ডিসিসিআই) শীর্ষ একজন প্রতিনিধি মন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধি দলে থাকবে।

ইআরডি কর্মকর্তারা জানিয়েছেন, ইআরডি সচিব এবং বাণিজ্য ও কৃষি মন্ত্রণালয়ের দুইজন যুগ্ম সচিব বাংলাদেশের প্রতিনিধি দলে থাকবেন।

রোববারের প্রস্তুতিমূলক বৈঠকে অংশগ্রহণকারী ইআরডি’র এক কর্মকর্তা বিডিনিউজকে জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভিয়েতনাম কৃষি ক্ষেত্রে ব্যাপক সফলতা অর্জন করেছে। আর এ কারণেই কৃষি খাতে আমরা ভিয়েতনামের সহযোগিতা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ২০০৫ সালের হ্যানয় সফরের সময় দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় ভিয়েতনামের কাছে সহযোগিতা চাওয়া হবে।

বৈঠকে দুই দেশের মধ্যে বিমান চলাচল চালু করার প্রস্তাবের ব্যাপারে আলোচনা হবে বলে জানা গেছে। দেশ দু’টি এর আগে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করলেও বাস্তবে তাদের মধ্যে এখনও কোন ধরনের আকাশ যোগাযোগ স্থাপিত হয়নি।

দুই দেশের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে ভিয়েতনামের চেয়ে বাংলাদেশ উদ্বৃত্ত বাণিজ্য সুবিধা ভোগ করে।

জেইসি প্রতিষ্ঠার জন্য ভিয়েতনাম ও বাংলাদেশ ১৯৯৭ সালে একটি চুক্তি স্বাক্ষর করলেও জেইসি’র প্রথম বৈঠক হতে নয় বছর সময় লাগলো।