২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে তীব্র কুয়াশায় লবণ উৎপাদন ব্যাহত

কক্সবাজারে তীব্র কুয়াশার কারণে লবণ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দিনে উৎপাদিত লবণ রাতে কুয়াশার কারণে গলে পানি হয়ে যাচ্ছে। ফলে লবণ চাষীরা আর্থিক ক্ষতির সম্মুখিন হচ্ছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2006, 10:13 AM

Updated : 26 Apr 2022, 03:22 PM

চাষীরা জানায়, দিনের বেলায় অল্প অল্প উৎপাদিত লবণ রাতে কুয়াশার কারণে সম্পূর্ণ গলে পানি হয়ে যাচ্ছে।

স্থানীয় বিসিক সূত্র জানায়, লবণ উৎপাদনের মৌসুমে কিছু বৈরী আবহাওয়া থাকে। কিন্তু প্রতি মৌসুমে রাতে তীব্র কুয়াশা পড়ায় লবণের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সুত্র আরো জানায়, চলতি বছর লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে সাড়ে ১১ লাখ মেট্রিক টন। বিসিকের স্থানীয় কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করে বলেছেন, কুয়াশার কারণে কিছুটা বৈরী আবহাওয়া থাকলেও এই লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

গত মৌসুমে প্রায় সাড়ে ১০ লাখ মেট্রিক টন লবণ উৎপাদিত হয়েছে এবং প্রান্তিক চাষীরাও লবণের ন্যায্য মূল্য পেয়েছে। বর্তমানে কক্সবাজারে প্রতি মণ লবণ বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৪০ টাকায় ।

জানা যায়, চলতি বছর কক্সবাজার জেলা ও চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মোট ৬৪ হাজার একর জমিতে লবণ চাষ হচ্ছে। গত নভেম্বর মাস থেকে লবণ চাষ শুরু হলেও ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত আশানুরূপ লবণ উৎপাদন হচ্ছিল। কিন্তু গত ১৫ ডিসেম্বর থেকে কক্সবাজারে তীব্র কুয়াশার কারণে লবণ উৎপাদন ব্যাহত হচ্ছে।।