২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুরুত্বপূর্ণ খাতে ৫ শতাংশ সুদে ঋণ দিতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আহ্বান

অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের কাছে মঙ্গলবার গুরুত্বপূর্ণ খাতসমূহের জন্যে পাঁচ শতাংশ সুদে ঋণ দেয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2006, 09:39 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

অর্থমন্ত্রীর সঙ্গে এক বৈঠক শেষে চেম্বারের সভাপতি এম এ মোমেন বলেন, শিল্পায়নের জন্যে সরকারের উচিত ক্ষুদ্র ও মাঝারি উভয় উদ্যোক্তাদের একই হারে ঋণ দেয়া।

বৈঠকে ঢাকা চেম্বার অব কর্মার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালকবৃন্দও উপস্থিত ছিলেন।

এছাড়াও রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে চার স্তরের শুল্ক কাঠামো প্রতিষ্ঠা, অনলাইন ভিত্তিক আয়কর রিটার্ন ব্যবস্থা চালু, বন্ডেড ওয়্যার হাউজ সুবিধার অপব্যবহার বন্ধ এবং একজন কর ন্যায়পাল নিয়োগের আহ্বান জানান চেম্বারের কর্মকর্তাগণ।

ঢাকা চেম্বারের সভাপতি সাংবাদিকদের বলেন, টেক্সটাইল, চামড়া ও চামড়াজাত দ্রব্য, সফটওয়্যার, পোল্ট্রি, নিমায়িত খাদ্য, ইমিটেশন অলংকার, কৃষি ভিত্তিক পণ্য ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতের জন্যে দীর্ঘ মেয়াদে পাঁচ শতাংশ সুদে ঋণ দেওয়া প্রয়োজন।

অন্যান্য খাতে সাত শতাংশ সুদে ঋণ দেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, রপ্তানিমুখী শিল্পের প্রযুক্তি, যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানির ক্ষেত্রে শুল্ক না রাখার জন্যে বিদ্যমান তিন স্তরের পরিবর্তে সরকারের উচিত চার স্তরের শুল্ক কাঠামো প্রতিষ্ঠা করা।

বিদ্যমান তিন স্তরের কাঠামো ছয়, ১৩ ও ২৫ শতাংশের পরিবর্তে এম এ মোমেন শূণ্য, পাঁচ, ১০ ও ২৫ শতাংশ- এই চার স্তরের শুল্ক কাঠামো গঠনের প্রস্তাব করেন।