২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিএস তথ্যপ্রযুক্তি মেলা ২২-২৭ সেপ্টেম্বর

ছয় দিনব্যাপী ১৩তম বিসিএস কম্পিউটার প্রদর্শনী-২০০৫ আগামী ২২ থেকে ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। মেলায় দেশের বিজ্ঞান ও তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের নতুন নতুন প্রযুক্তি তুলে ধরবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি এসএম ইকবাল রোববার সাংবাদিকদের উপস্থিতিতে এ ঘোষণা দিয়ে বলেন, মেলার মাধ্যমে জাতি দেশীয় কর্ম ও নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে পারবে।

বসুন্ধরা সিটির এক্সিবিশন সেন্টারে ছয় দিনব্যাপী এ মেলায় অংশ নেওয়ার জন্য কম্পিউটার সংগঠনগুলোকে তাদের প্যাভিলিয়ন নিশ্চিত করতে এ মাসের মধ্যেই বিসিএস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

বিসিএস সভাপতি তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে বলেন, সর্বশেষ তথ্য যোগাযোগ প্রযুক্তির সাথে সবাইকে পরিচিত করে তোলাও বার্ষিক এ মেলার লক্ষ্য।

মেলাকে আগের চেয়ে সফল ও স্বতঃস্ফূর্ত করতে এই প্রথম বিসিএস কর্তৃপক্ষ বসুন্ধরা সিটির (লেভেল-৭) ৯০ হাজার বর্গফুটের একটি ফ্লোর এই মেলার জন্য বেছে নিয়েছে।

মেলায় মোট ২০ লাখের বেশি দর্শনার্থীর সমাগম ঘটবে বলে আয়োজকরা আশা করছেন।

মেলার আহ্বায়ক আব্দুল ফাত্তাহ আশা প্রকাশ করেন, সিঙ্গাপুর ইনফো কম টেকনোলজি ফেডারেশনের অধীনে বেশ ক’টি বিদেশি কোম্পানি এবং এসোসিও সদস্যরা মেলায় অংশ নেবে।

মেলায় অংশগ্রহণকারী আইসিটি প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশেষ প্রযুক্তি প্রদর্শন করবে। বিশেষ করে সিস্টেম ইউনিট, হার্ডওয়্যার, অ্যাক্সেসরিজ, নেটওয়ার্কিং প্রোডাক্ট, ইন্টারনেট সার্ভিস, আইটি প্রশিক্ষণ, আইটি প্রকাশনা, সফটওয়্যার প্রোডাক্ট প্রদর্শন করবে। মেলায় ২২ টি প্যাভিলিয়নে কমপক্ষে ১২৮ টি স্টল থাকবে।

বিসিএস মেলার প্রধান অতিথি, অংশগ্রহণকারী স্থানীয় কোম্পানি এবং মেলার এন্ট্রি ফি এখনও চূড়ান্ত হয়নি। তবে দর্শনার্থীদের জন্য এ মেলা সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত উন্মুক্ত থাকবে বলে সূত্র জানায়।