এডিপি বাস্তবায়ন ত্বরান্বিত করতে কর্মকর্তাদের প্রতি অর্থমন্ত্রীর নির্দেশ
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বুধবার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) কাজ দ্রুত সম্পন্ন করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
২০০৫-০৬ অর্থবছরের এডিপি বাস্তবায়ন সংক্রান্ত অগ্রগতি পর্যালোচনা বৈঠকে অর্থমন্ত্রী কর্মকর্তাদের বলেন, এবারের এডিপি’র আকার বড় হওয়ায় আগের বছরগুলোর তুলনায় এবার আপনাদের বেশি কাজ করতে হবে।
গত বছর খাদ্য ও দূর্যোগ ব্যবস্থাপনা, ডাক ও টেলিযোগাযোগ, বেসরকারি বিমান চলাচল ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের এডিপি বাস্তবায়নে ধীর গতির কারণে মন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন।
পরিকল্পনা কমিশনের সচিব আখতার হোসেন ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্র জানায়, বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিবর্তে পরিকল্পনা বিভাগ এ বৈঠকের আয়োজন করে। এ কারণে বৈঠকে কোনও তৈরি প্রতিবেদন বা নথিপত্র উপস্থাপন করা হয়নি। সূত্র জানায় কাগজপত্র না দেখে কয়েকজন কর্মকর্তা বিস্ময় প্রকাশ করেন।
বৈঠক সাইফুর রহমান চলতি অর্থবছরের ২৪০ বিলিয়ন টাকার এডিপি বাস্তবায়নের কাজ দ্রুত গতিতে সম্পন্ন করার জন্য মন্ত্রণালয়ের সচিব ও উর্ধ্বতন কর্মকর্তাদের অতিরিক্ত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
অর্থমন্ত্রী কর্মকর্তাদের সময় মতো প্রকল্প অনুমোদন ও অর্থ সরবরাহ করার নির্দেশ দেন।
তিনি বলেন, কনসালটেন্ট ও প্রকল্প পরিচালক নিয়োগও দ্রুত সম্পন্ন করতে হবে।
বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও মূল্যায়ন বিভাগের তথ্য অনুযায়ী, ২০০৪-০৫ অর্থবছরের ২০ হাজার ৫শ’ কোটি টাকার সংশোধিত এডিপি বাস্তবায়নের হার ছিলো ৯১ শতাংশ।
