২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সংঘাতময় রাজনীতির কারণে বাংলাদেশের প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে’

সফররত বিশ্বব্যাংক প্রেসিডেন্ট পল উলফোভিৎস বলেছেন, সংঘাতময় রাজনীতির কারণে বাংলাদেশে প্রবৃদ্ধি কম হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2005, 06:20 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ শেষে পল উলফোভিৎস রোববার সাংবাদিকদের বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমঝোতা অনিবার্য এবং রাজনৈতিক দলগুলো গণতন্ত্র চর্চার মাধ্যমে একটি ঐকমত্যে পৌঁছতে পারে।

সংঘাতময় রাজনীতির ব্যাপারে সাইফুর রহমান বলেন, এ সমস্যা সমাধানের পথ আমার জানা নেই। তবে এর সমাধানে আমরা যেসব পদক্ষেপ নিয়েছি, তাতে উল্লেখযোগ্য ফলাফল না পাওয়ায় আমি ব্যথিত।

বিশ্বব্যাংক প্রেসিডেন্ট উলফোভিৎস রোববার সকালে একদিনের সফরে ভারত থেকে একটি বিশেষ চার্টার বিমানে ঢাকায় আসেন। বিমানবন্দর থেকে সরাসরি তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ে যান এবং সেখানে সাইফুর রহমানের সাথে সাক্ষাৎ করেন।

বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বলেন, রাজনৈতিক হানাহানি ও দুর্নীতি হ্রাস এবং সুশাসন জোরদার করতে পারলে বাংলাদেশ তার প্রবৃদ্ধির হার পাঁচ শতাংশের স্থলে আট শতাংশ করতে পারবে।

তিনি বলেন, বিদ্যুৎ খাতে দুর্নীতির কারণে বিপুল পরিমাণ অর্থ সংকট দেখা দিচ্ছে। এ খাতের চুরি বন্ধ করা না গেলে বাংলাদেশ তার লক্ষ্য অর্জন করতে পারবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশের সামনে অনেক চ্যালেঞ্জ। পাঁচ শতাংশ প্রবৃদ্ধি হার যদিও খুব একটা খারাপ না, তারপরও আমি মনে করি, বাংলাদেশ আরও ভাল করতে পারে।

বৈঠকের ফলাফল সম্পর্কে অর্থমন্ত্রী সাইফুর রহমান বলেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে।

বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বক্তব্যের পুনরাবৃত্তি করে সাইফুর রহমান বলেন, আমরা যদি দুর্নীতি ও সুশাসনের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে পারি, তাহলে বাংলাদেশের আরও উন্নতি হবে।

তবে পল উলফোভিৎস শিক্ষা ও স্বাস্থ্য খাতে উৎসাহ ব্যাঞ্জক প্রবৃদ্ধি অর্জন করায় বাংলাদেশের প্রশংসা করেন। তিনি বলেন, এ দু’টি খাতে বাংলাদেশ অন্যান্য অনেক দেশের চেয়ে ভাল করেছে।

এক প্রশ্নের জবাবে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বলেন, ‘বিশ্বব্যাংক কোনও দেশের ওপরই কঠিন কোন শর্ত আরোপ করে না। তবে বিশ্বব্যাংকের দেয়া অর্থের সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমি চিন্তিত নই। বিশ্বব্যাংক একটি উন্নয়নমূলক সংস্থা। অধিক নিরাপত্তাপূর্ণ দেশ অধিক স্থিতিশীল’।

তবে বাংলাদেশের প্রতি বিশ্বব্যাংকের সহায়তা বাড়ানো হবে কি না-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি নিশ্চিত করে কিছুই জানাননি।