২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশী সহায়তা ছাড়া বন্দর প্রকল্প বাস্তবায়ন প্রস্তাব সরকার মানছে না

চট্টগ্রাম বন্দর উন্নয়ন প্রকল্পে বিদেশী সহায়তা না নিয়ে স্থানীয় উদ্যোক্তাদের অর্থে তা পরিচালনা করার প্রস্তাব বাতিল করে সরকার মঙ্গলবার এশীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহযোগিতায় চট্টগ্রাম বন্দর বাণিজ্য সহায়তা প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2005, 09:56 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এডিবি’র সহায়তায় প্রকল্প বাস্তবায়েনের প্রস্তাবটি অনুমোদন করা হয়।

বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী সাংবাদিকদের বলেন, স্থানীয় উদ্যোক্তারা বন্দর উন্নয়নে প্রকল্পটি বাস্তবায়নে আগ্রহ দেখিয়েছিলো কিনা তা আমার জানা নেই। তবে এডিবি’র সহায়তায় প্রকল্পটির কার্যকর বাস্তবায়ন সম্ভব হবে।

চলতি অর্থ বছরে একনেক তার এই প্রথম বৈঠকে মোট ৯৯৮ কোটি টাকার আটটি প্রকল্প অনুমোদন করে। এর মধ্যে বিদেশী অর্থ সহায়তা পাওয়া যাবে ৪৪৯ কোটি টাকার।

চট্টগ্রাম বন্দর বাণিজ্য সহায়তা প্রকল্প প্রসঙ্গে সাইফুর রহমান বলেন, ২২৫ কোটি টাকার এই প্রকল্পে এডিবি ১৬৮ কোটি টাকা দেবে।

এ প্রকল্পে বেসরকারি খাতের আগ্রহের ব্যাপারে তিনি বলেন, বন্দর একটি স্পর্শকাতর স্থান, সকলের পক্ষে এখানকার সকল কাজ যথাযথভাবে সম্পন্ন করা সম্ভব নয়।

আমি মনেকরি, এডিবি কাজটি ভালোভাবেই সম্পন্ন করতে পারবে।

তবে স্থানীয় উদ্যোক্তারা সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তারা বলেন, বেসরকারিভাবে বন্দরের কাজ অতি সহজেই সম্পন্ন করা যেতো। সরকারের উচিত প্রকল্প বাস্তবায়নের কাজটি বেসরকারি খাতে ছেড়ে দেয়া উচিত।

এর মাধ্যমে স্থানীয় বেসরকারি খাতের উন্নয়ন ঘটানো সম্ভব হতো।