২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালিককে সম্পত্তি ফিরিয়ে দিতে পূবালী ব্যাংকের প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশ

হাইকোর্ট বেঞ্চের রায়ের প্রতি সমর্থন জানিয়ে সুপ্রিম কোর্ট পূবালী ব্যাংককে লাজাফ করপোরেশনের সম্পত্তির মালিকানা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2005, 05:45 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

বিচারপতি এমডি রুহুল আমীন, বিচারপতি এমএম রুহুল আমীন এবং বিচারপতি মো. তোফাজ্জল ইসলামের সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্ট বেঞ্চ আগস্টের ১ তারিখে সরকার ও অন্যদের বিরুদ্ধে দায়ের করা পূবালী ব্যাংকের আবেদন খারিজ করে দেন।

অ্যাডভোকেট সালাহউদ্দিন আহমেদ আদালতে পূবালী ব্যাংকের পক্ষে, ব্যারিস্টার ফিদা এম কামাল সরকারের পক্ষে এবং বিবাদি লাজাফ কমার্শিয়াল করপোরেশনের পক্ষে অ্যাডভোকেট হাসান আরিফ মামলা পরিচালনা করেন।

১৯৯৭ সালে হাইকোর্ট ডিভিশনের রায়ে বলা হয়, লাজাফ কমার্শিয়াল করপোরেশন সম্পত্তির প্রকৃত মালিক এবং পূবালী ব্যাংক এ ব্যাপারে সম্পূর্ণ অবগত ছিল। এছাড়া এটি কোনও পরিত্যক্ত সম্পত্তি ছিল না। পূবালী ব্যাংকের সকল পাওনা পরিশোধ করা হয়েছে। লাফাজ কর্পোরেশনের মালিক বগুড়ার মরহুম মোহাম্মদ আলীর ভাই মরহুম হামিদ আলী।

রায়ে আরও বলা হয়, পূবালী ব্যাংক ওই সম্পত্তির অবৈধ মালিক এবং পূবালী ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে, এ রায়ের কপি পাওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে সম্পত্তির মালিকানা লাজাফ করপোরেশনকে ফিরিয়ে দিতে। এক্ষত্রে প্রয়োজনে লাজাফ করপোরেশন ম্যাজিস্ট্রেট বা পুলিশের সাহায্য নিতে পারবে।

তবে রিট মামলা খারিজ হয়ে যাওয়ায় পূবালী ব্যাংক তাৎক্ষণিকভাবে তিন নং বিবাদি লাজাফ করপোরেশনের বিরুদ্ধে ১৯ দশমিক ৭১ কোটি টাকার বন্ধকি মামলা দায়ের করে, যা চট্টগ্রাম অর্থঋণ আদালত প্রত্যাখ্যান করে।