২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিদেশীয় গ্যাস পাইপলাইন স্থাপনে বাংলাদেশের শর্তগুলো পুর্ণব্যক্ত করলেন অর্থমন্ত্রী

ত্রিদেশীয় গ্যাস পাইপলাইন স্থাপনে বাংলাদেশের শর্তগুলো পুনর্ব্যক্ত করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী সাইফুর রহমান। শর্তগুলো হলো- বাণিজ্য ঘাটতি হ্রাস এবং নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্যসহ বিদ্যুতের জন্যে ভারতীয় করিডর ব্যবহারের সুবিধা প্রদান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2005, 10:16 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

অর্থমন্ত্রী শনিবার সফররত ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী নটবর সিংয়ের সঙ্গে বৈঠকে একথা বলেন।

সাইফুর রহমান বৈঠকের পর সাংবাদিকদের বলেন, দু' দেশের মধ্যকার বিরোধ নিরসনে বিশেষজ্ঞ পর্যায়ের পরিবর্তে রাজনৈতিক পর্যায়ে বৈঠকের প্রয়োজন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নটবর সিং বলেন, বাংলাদেশের অংশগ্রহণ ছাড়া ত্রিদেশীয় গ্যাস পাইপলাইন বাস্তবায়নে ভারত অগ্রসর হতে পারে না। 

পরিকল্পনা মন্ত্রণালয়ে ৪৫ মিনিটেরও  বেশি সময় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বীণা সিক্রি উপস্থিত ছিলেন।

বৈঠকে দু দেশের মধ্যে বড় ধরনের বাণিজ্য ঘাটতি, শুল্ক বহির্ভুত বাধা, পরিবহন এবং কাস্টমস সমস্যা এবং প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়।

সাইফুর ভারতীয় মন্ত্রীকে অনুযোগ করে বলেন, ভারত নেপালের সঙ্গে বাণিজ্যের জন্যে ৩০ কিমি করিডর ব্যবহারের অনুমোদন দেয়নি। এমনকি বাণিজ্যের জন্যে সুবিধাজনক রাস্তাসহ অন্যান্য অবকাঠামোর উন্নয়ন করেনি।    

তিনি আরও বলেন, ভারত বেশ কিছু পণ্যের ওপর এন্টি ডাম্পিং ডিউটি আরোপ করেছে।  বাংলাদেশ থেকে আমদানির জন্যে ভারতীয় ব্যবসায়ীদের ব্যাংকে ঋণপত্র খোলার জন্যে দিল্লির অনুমতি নিতে হয়।

অর্থমন্ত্রী বলেন, দু'দেশের মধ্যে অবিশ্বাস থাকলে কখনও ভাল সম্পর্ক গড়ে উঠতে পারে না। এজন্যে চাই পারস্পরিক সমঝোতা।

তিনি বলেন, ভারত পাকিস্তান দুই চির প্রতিদ্বন্দ্বীর মধ্যে যদি সম্পর্কের উন্নয়ন ঘটতে পারে, তবে আমাদের সঙ্গে কেন সম্পর্কের উন্নয়ন ঘটবে না?

মুক্ত বাণিজ্য চুক্তি প্রসঙ্গে সাইফুর বলেন, আমি এখনও পুরোপুরি বুঝতে পারিনা, সামগ্রিকভাবে এতে কী লাভ হবে।

বাংলাদেশের জন্যে ভারতীয় বাজার উন্মুক্ত করার আহবান জানিয়ে অর্থমন্ত্রী ভারতের পররাষ্ট্র মন্ত্রীকে বলেন, আমাদের দেশ উন্মুক্ত এবং যে কেউ এখানে রপ্তানি করতে পারে। বাংলাদেশের বাজার ভারতীয় পণ্যে সয়লাব হয়ে যাচ্ছে।

তিনি বলেন, প্রস্তাবিত ত্রিদেশীয় গ্যাস পাইপলাইন স্থাপনের আগে ভারতের মত বৃহত্তম দেশের উচিত আমাদের সঙ্গে চলমান সমস্যাগুলোর সমাধান করা।