২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ বিশ্ব ব্যাংকের সহজ শর্তে ঋণের তৃতীয় সর্বোচ্চ গ্রহীতা

ভারত ও ভিয়েতনামের পর বাংলাদেশ এখন বিশ্ব ব্যাংকের সহজ শর্তে ঋণের তৃতীয় সর্বোচ্চ গ্রহীতা। ২০০৪-০৫ অর্থ বছরে বাংলাদেশ বিশ্বব্যাংকের কাছ থেকে ৬০০ মিলিয়ন ডলার সম পরিমান অর্থ ঋণ হিসেবে গ্রহণ করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2005, 08:25 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

একই অর্থ বছরে বিশ্ব ব্যাংক ভারতকে ২ দশমিক ৮৯ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সাহায্য প্রদান করে। এটিই হচ্ছে কোনও দেশের সর্বোচ্চ পরিমান অর্থ গ্রহণ। এর আগের অর্থ বছরে (২০০৩-০৪) বিশ্ব ব্যাংকের কাছ থেকে ভারত পেয়েছে ১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ অর্ধেকেরও কম।

বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে বাংলাদেশের স্বাস্থ্য, শিক্ষা-এনজিওদের সাথে অংশীদারিত্বমূলক খাতে অধিক আর্থিক সাহায্য প্রদানের কথা উল্লেখ করা হয়।

বিশ্ব ব্যাংক আর্থিক সহযোগিতা প্রদানের ক্ষেত্রে সুশাসন নিশ্চিতকরণ, ক্রয় নীতি, আর্থিক ব্যবস্থাপনা, জ্বালানি অবকাঠামো এবং আর্থিক খাত সংস্কারের ওপর গুরুত্বারোপ করে থাকে।

বাংলাদেশের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে বিশ্ব ব্যাংক মানব উন্নয়নের জন্য অধিক বরাদ্দ দেয় বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

যদিও বিশ্ব ব্যাংক ভারতে অধিক পরিমান অর্থ প্রদান করে থাকে, সেক্ষেত্রে আর্থিক খাতে সংস্কারের তেমন কোন শর্ত জড়িত থাকে না।

বাংলাদেশ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে সার্বজনীন প্রাথমিক শিক্ষা এবং প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থায় লৈঙ্গিক সমতা বিধানের লক্ষ্যও রয়েছে।

দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য বিশ্ব ব্যাংকের ৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ বিশ্বে দ্বিতীয়। বিশ্ব ব্যাংক ঋণের সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত অঞ্চল হচ্ছে লাতিন আমেরিকা (৫ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার)।

এদিকে বিশ্ব ব্যাংক ইউরোপ ও মধ্য এশিয়া অঞ্চলে ৪ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার, আফ্রিকায় ৩ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার, পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ২ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার এবং মধ্য প্রাচ্য ও উত্তর আমেরিকায় ১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারের সাহায্য প্রদান করেছে।

বিশ্ব ব্যাংকের সর্বমোট ঋণের মধ্যে অনুদানের পরিমান ১৫ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার। আর বাকি ৬ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সাহায্য ছিল উন্নয়ন সহযোগিতার জন্য। 

বিনিয়োগ খাতে বিশ্ব ব্যাংকের ঋণ ২০০০ সালের পর শতকরা ৫০ ভাগ বৃদ্ধি পেয়েছে বলে বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে।