২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ২৮,৩৬৪ বিলিয়ন মার্কিন ডলার সাহায্য ও ঋণ পেয়েছে

স্বাধীনতার পর থেকে বাংলাদেশ বিভিন্ন দাতা দেশ ও সংস্থার কাছ থেকে সাহায্য এবং ঋণ হিসেবে ২৮ হাজার ৩ শ’ ৬৪ বিলিয়ন মার্কিন ডলার পেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2005, 09:35 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান মঙ্গলবার বিএনপি’র সাংসদ নজরুল ইসলাম মনি’র এক সম্পূরক প্রশ্নের জবাবে সংসদে একথা জানান।

নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি সাংসদ মোহাম্মদ গিয়াসউদ্দিনের অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ছয়টি দাতা দেশ বা সংস্থার কাছ থেকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ঋণ হিসেবে গত অর্থবছরে (২০০৪-০৫) মোট ১ হাজার ২ শ’ ১৪ দশমিক ১৯ মিলিয়ন মার্কিন ডলার পেয়েছে।

গত অর্থবছরের মোট ঋণের মধ্যে বিশ্বব্যাংক সবচেয়ে বেশি পরিমাণ ৬ শ’ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছে। তারপরেই রয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। গত অর্থবছরে এডিবি প্রদেয় ঋণের পরিমাণ ৪ শ’ ১৮ মিলিয়ন মার্কিন ডলার।

অন্যদিকে গত অর্থবছরে জাপান বাংলাদেশকে ঋণ হিসেবে একশ’ তিন দশমিক ১৪ মিলিয়ন মার্কিন ডলার, ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) ৭০ দশমিক ২৭ মিলিয়ন মার্কিন ডলার, ডেনমার্ক ১৮ মিলিয়ন মার্কিন ডলার এবং নরওয়ে ৪ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিযেছে।

এ সমস্ত ঋণের সুদ বা সার্ভিস চার্জের ব্যাপারে মন্ত্রী বলেন, দাতা সংস্থারা প্রদেয় ঋণের জন্য অত্যন্ত স্বল্প হারে সুদ বা সার্ভিস চার্জ নির্ধারণ করেছে।

মন্ত্রী বলেন, বিশ্বব্যাংক ও এডিবি তাদের ঋণের জন্য শতকরা ০ দশমিক ৭৫ শতাংশ সুদ বা সার্ভিজ চার্জ নির্ধারণ করেছে। ঋণের জন্য অন্যান্য দাতা দেশগুলোর সুদ বা সার্ভিস চার্জও  শতকরা ২ শতাংশের বেশি না।

দেশের উন্নয়ন প্রকল্পে বিদেশী পরামর্শক নিয়েগের ব্যাপারে তিনি বলেন, মান ঠিক রাখতে বিদেশী পরামর্শক নিয়োগের সিদ্ধান্ত অত্যন্ত সঠিক।

তবে দেশকে স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে তিনি এই সংস্কৃতি বাদ দেওয়া উচিত বলে  মন্তব্য করেন।

মন্ত্রী আরও বলেন, ২০০৩-০৪ অর্থবছরের তুলনায় গত অর্থবছরে বিদেশী রিজার্ভ ১২ দশমিক ৭৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

রংপুর-৪ আসনের এমপি আব্দুস সোবহানের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, চলতি বছরের ২৭ জুন পর্যন্ত বৈদেশিক মুদ্রার বিনিয়োগ তিন হাজার সাত দশমিক ৮২ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। ২০০৩-০৪ অর্থ বছর শেষে এর পরিমান ছিলো দুই হাজার ছয় শ’ ৬৮ দশমিক ২৬ মিলিয়ন মার্কিন ডলার।