২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী চেম্বার পরিচালকদের কার্যক্রমের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইন্ডাস্ট্রি’র (আরসিসিআই) নির্বাহী পর্ষদের নির্বাচনী ফলাফল কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানিয়ে হাইকোর্ট শনিবার আরসিসিআই’র প্রতি একটি কারণ দর্শানো রুল জারি করেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2005, 10:10 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

হাইকোর্ট একই সাথে রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আরসিসিআই’র নির্বাচিত ১৮ জন পরিচালকের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন।

নির্বাচনী ফলাফল বাতিলের দাবিতে আরসিসিআই’র সদস্য জিয়াউল হক টুকুর দায়ের করা রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি সৈয়দ মুহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আশফাকুল ইসলামের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ শনিবার এ আদেশ দেন।

একই সাথে বেঞ্চ ২১ আগস্ট অনুষ্ঠিতব্য বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইন্ডাস্ট্রি’র (এফবিসিসিআই) নির্বাচনে আরসিসিআইকে অংশগ্রহণের অনুমতি না দেওয়ার জন্যে এফবিসিসিআইকে নির্দেশ দিয়েছেন।

আরসিসিআই’র নির্বাহী পর্ষদের নির্বাচন ২৭ ফেব্র“য়ারি অনুষ্ঠিত হয় এবং ২৮ ফেব্র“য়ারি এর ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনের আগে ৩ ফেব্র“য়ারি জিয়াউল হক টুকু এফবিসিসিআই প্রতিষ্ঠিত আরবিট্রেশন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। তাতে বলা হয়, আরসিসিআই’র ভোটার তালিকার ৮৫১ জন ভোটারের মধ্যে ১৩৪ জনই অবৈধ।

নিয়ম অনুযায়ী আরবিট্রেশন ট্রাইব্যুনালে তিন মাসের মধ্যে এ মামলার নিষ্পত্তি হওয়ার কথা। কিন্তু আদালত নির্ধারিত সময়ে মামলাটি নিষ্পত্তি করেননি।

পরে নির্বাচনী ফলাফল বাতিলের দাবিতে জিয়াউল হক টুকু হাইকোর্টে একটি রিট আবেদন দাখিল করেন।

আবেদনে আরসিসিআই’র ১৮ জন পরিচালকসহ মোট ২৩ জনকে বাদী হিসেবে উল্লেখ করা হয়।

আবেদনকারীর পক্ষে আদালতে মামলাটি পরিচালনা করেন ব্যারিস্টার শফিক আহমেদ। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট হাফিজুল আলম, অ্যাডভোকেট ফায়েজুর রহমান এবং অ্যাডভোকেট মাহফুজুর রহমান।