২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষার শুরুতেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য আবারও বেড়েছে, ক্রেতাদের নাভিশ্বাস

ঢাকার বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য আরেক দফায় বেড়েছে। বাজেট পেশের পর দু’সপ্তাহে দ্রব্যমূল্য না কমলেও বর্ষা মওসুমের শুরুতেই আরও একদফা মূল্যবৃদ্ধির কবলে পড়েছে নগরবাসী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2005, 04:58 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

এ সপ্তাহে বাজারে চাল, মাছ, মাংস ও তরিতরকারিসহ প্রায় সব কিছুরই দাম বেড়েছে। গত সপ্তাহের তুলনায় মৌসুমী ফলেরও দাম কিছুটা বাড়তির দিকে।

ক্রমবর্ধমান বাজার দরের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বেড়েছে। নিম্ন আয়ের মানুষের উঠেছে নাভিশ্বাস।

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজারে গত সপ্তাহের তুলনায় চালের দাম বেড়েছে মনপ্রতি আরও ২০ টাকা। ফলে খুচরা বাজারেও প্রতিকেজি চালের দাম এক টাকা থেকে ৫০ পয়সা পর্যন্ত বেড়েছে। বাজারে সর্বনিম্ন মানের চালও এখন ১৯ টাকা দরে বিক্রি হচ্ছে।

চালের সাথে পাল্লা দিয়ে মাংস, মাছ, মুরগী, আলু ও তরিতরকারির দামও ছিল বেশ চড়া। কাঁচা তরিতরকারির মধ্যে বেগুন, টমেটো, ঢেঁড়স, পটল, গাঁজর, শসা, ও শাক-সব্জির দাম বেড়েছে। পর্যাপ্ত সরবরাহ থাকলেও ইলিশের দাম নিম্ন আয়ের মানুষের ধরাছোঁয়ার বাইরে। প্রতি কেজি ছোট ইলিশ ১০০ টাকা এবং মাঝারি ইলিশ ১৬০ টাকা করে বিক্রি হচ্ছে।

রাজধানীর মিরপুর ১ নম্বর, সেনপাড়া, কাজীপাড়া, ইব্রাহিমপুর ও শেওড়াপাড়া বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি স্বর্ণা ও লতা চাল ২৬, নাজিরশাল ২৩, মিনিকেট ২৫, পাইজাম সাড়ে ২১, বিআর-২৮ ও পারিজাত ১৯ এবং ইরি সাড়ে ১৮ টাকা দরে বিক্রি হচ্ছে। এসব বাজারে গরুর মাংসের দাম ১১০ থেকে ১২০ এবং খাসির মাংস ২২০ টাকায় বিক্রি হয়েছে।

এ সপ্তাহেও মুরগির বাজার বেশ চড়া। প্রতি কেজি সাদা ব্রয়লার মুরগি ৭৮ থেকে ৮০, লাল ব্রয়লার মুরগি ৯০ টাকা ও দেশী মুরগি ১৬০ থেকে ১৮০ টাকায় বিক্রি হয়েছে।

মওসুমের কারণে বাজারে ইলিশের সরবরাহ রয়েছে পর্যাপ্ত। তবে দাম সাধারণ ক্রেতাদের ক্রয়সীমা ছাড়িয়ে গেছে। ইলিশের সাথে দাম বৃদ্ধি দৌঁড়ে রয়েছে রুই, কাতলা, পাঙ্গাস, কালবাউস, চিংড়ি ও মাগুর মাছের দাম।

ব্যবসায়ীদের মতে, অন্য মাছের অপর্যাপ্ত আমদানির কারণে বাজারে ইলিশের চাহিদা প্রচুর। চাহিদার কারণেই তারাও চড়া দামের ইলিশ বিক্রি করে লাভ পুষিয়ে নিচ্ছেন।

বাজারে রুই ৯০ থেকে ১৪০, কাতলা ৮৫ থেকে ১২০, পাঙ্গাস ১৩০, কালাবাউস ১৪০ থেকে ১৫০, চিংড়ি ১২০ থেকে ২৫০, গলদা চিংড়ি ৬৫০, শিং ৩২০, মাগুর ২৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বর্ষা মওসুম শুরু হলেও বাজারে ছোট মাছের আমদানি একেবারেই কম। এ সুযোগে পাইকারি ও খুচরা বিক্রেতারা বেশ চড়া দামেই বিক্রি করছে ছোট মাছ। কেজিপ্রতি প্রায় ২০ টাকা মূল্য বেড়েছে ছোট মাছের। ছোট মাছের কেজি ১০০ থেকে ১৪০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

আলুর দাম আট টাকা থেকে বেড়ে নয় টাকা, গাঁজর ২০ থেকে ২৪, টমেটো ৩০, বেগুন ও লাউ ২০, পটল, ক্ষীরা, শসা, ছোট কচু, ঢেঁড়স ও করলা ১৬ এবং উস্তে, সিম, কচুর লতি, ঝিঙা ও চিচিঙ্গা ও বরবটি ১৪ টাকায় বিক্রি হয়েছে। প্রতি হালি কাঁচা কলার দাম আট টাকা থেকে বেড়ে ১০ টাকায় দাঁড়িয়েছে।

পেঁয়াজ কেজিপ্রতি ১৪, রসুন ২০, পুরনো ও শুকনো রসুন ৪৮ টাকায় বিক্রি হচ্ছে। বিভিন্ন বাজারে সয়াবিন তেল ৫০ থেকে ৫৪ টাকা, চিনি ৩৬ থেকে ৩৮ এবং ডাল ৪৬ থেকে ৪৮ টাকায় বিক্রি হচ্ছে।