সংসদে বাজেট অধিবেশনের কার্য দিবস ২৩ দিন, ৯ জুন বাজেট উপস্থাপন
স্পিকার ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকারের সভাপতিত্বে মঙ্গলবার জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ২৬ তম বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সিদ্ধান্ত গৃহিত হয়, চলতি অধিবেশনের কার্য দিবস হবে ২৩ দিন। প্রতিদিন সংসদ অধিবেশন শুরু হবে বিকাল সাড়ে ৫ টায়। ৭ জুন মঙ্গলবার অষ্টম জাতীয় সংসদের ১৭ তম অধিবেশন শুরুর পর ৮ জুন বুধবার অধিবেশন বন্ধ থাকবে। ৯ জুন বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় ২০০৫-২০০৬ অর্থ বছরের বাজেট উপস্থাপন হবে।
১২ ও ১৩ জুন (রবি ও সোমবার) অনুষ্ঠিত হবে সম্পূরক (২০০৪-২০০৫) বাজেটের ওপর আলোচনা। ১৪ জুন (মঙ্গলবার) ২০০৪-২০০৫ অর্থ বছরের সম্পূরক বাজেট পাশ হবে। ২০০৫-২০০৬ সালের অর্থ বিল পাশ হবে ২৯ জুন। ৩০ জুন পাশ করা হবে ২০০৫-২০০৬ অর্থ বছরের এপ্রোপ্রিয়েশন বিল। প্রতি সপ্তাহে শুক্রবার ও শনিবার সংসদের অধিবেশন বন্ধ থাকবে। ১০ জুলাই সংসদের ১৭ তম অধিবেশন শেষ হবে।
কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা খালেদা জিয়া, অর্থ মন্ত্রী এম. সাইফুর রহমান, স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, অলি আহমেদ এমপি, চীফ হুইপ খন্দকার দেলোয়ার হোসেন, আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, কৃষিমন্ত্রী এমকে আনোয়ার, প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সালাহ উদ্দিন কাদের চৌধুরী, শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীর পক্ষে আব্দুস সোবহান এমপি এবং রওশন এরশাদ এমপি।
