সরাসরি ফ্লাইট না থাকা ও কার্গো বিমানের স্বল্পতা ইতালিতে রপ্তানির প্রতিবন্ধক: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, সরাসরি ফ্লাইট চালু হলে এবং কার্গো বিমানে পণ্য পরিবহনের জায়গা বাড়ানো হলে ইতালিতে শাকসবজি ও ফলমূল রপ্তানি আরও বৃদ্ধি পাবে।
ইতালির মিলানে ২৩-২৫ মে বাংলাদেশ আয়োজিত তিন দিনব্যাপী বাণিজ্য মেলায় অংশগ্রহণ শেষে দেশে ফিরে রোববার এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, ইতালিতে এ ধরনের বাংলাদেশী পণ্যের বিপুল চাহিদা রয়েছে।
বাণিজ্য উপদেষ্টা বরকত উল্লাহ বুলু এবং মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
আলতাফ হোসেন বলেন, মিলানের অধিকাংশ কাঁচাবাজার বাংলাদেশী ব্যবসায়ীদের দখলে। এছাড়া রোম এবং অন্যান্য শহরের কাঁচাবাজারগুলোতেও অনেক বাংলাদেশী ব্যবসায়ী কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, ইতালিতে বর্তমানে প্রায় ৬০ হাজার বাংলাদেশী শ্রমিক রয়েছে এবং এবছর নাগাদ আরও এক হাজার ৫০০ শ্রমিক যোগ হবে। তিনি বলেন, এ শ্রমিকরাই আমাদের শাকসবজি ও ফলমূল কিনবে। তবে সরাসরি ফ্লাইট এবং কার্গো বিমানে পর্যাপ্ত জায়গা না থাকায় এসব পণ্য পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
মেলায় ১৮ ধরনের পণ্যের ৪৫ জন প্রস্তুত ও রপ্তানিকারক তাদের পণ্য পদর্শনীর ব্যবস্থা করে। এর মধ্যে ছিল তৈরি পোশাক, নিটওয়্যার, চামড়াজাত পণ্য, জুতা, সিরামিক পণ্য, পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, সিল্ক, ইমিটেশন অলংকার ও কৃষিজাত পণ্য ইত্যাদি।
বানিজ্যমন্ত্রী বলেন, ইতালি আমাদের ইপিজেডের ভিতরে এবং বাইরে বিনিয়োগ করতে আগ্রহী। তারা চামড়া, সিরামিক পণ্য, পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, সিল্ক, ইমিটেশন অলংকার এবং কৃষি পণ্যের ক্ষেত্রে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে।
মন্ত্রী বলেন, ইতালি সফরের সময় তিনি ব্যবসা ও বাণিজ্য বিষয়ে ইতালির সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন।
তিনি বলেন, ‘আমি বাংলাদেশ ও ইতালির মধ্যে একটি যৌথ চেম্বার অব কমার্স প্রতিষ্ঠার প্রস্তাব করেছি’।
আলতাফ হোসেন জানান, আইএফএডি এবং ফাও (এফএও) এর কর্মকর্তাদের সঙ্গেও তিনি বৈঠক করেছেন এবং অতিরিক্ত সার ব্যবহারের সম্ভাব্যতা যাচাই করার আহ্বান জানিয়েছেন।
বিদেশী ক্রেতা আকৃষ্ট করতে এবং বাংলাদেশী পণ্যের রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে ইতালির মিলানে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং বাংলাদেশ দূতাবাস যৌথভাবে তিন দিনব্যাপী এ সিঙ্গেল কান্ট্রি মেলার আয়োজন করে।
এফবিসিসিআই সভাপতি আব্দুল আউয়াল মিন্টুর নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলও ইতালি সফর করেন।
যুক্তরাষ্ট্র, জার্মানী, বৃটেন ও ফ্রান্সের পরে ইতালি বাংলাদেশী পণ্যের ৬ষ্ঠ বৃহত্তম আমদানিকারক দেশ। ২০০৪-২০০৫ অর্থবছরের মার্চ থেকে জুলাই পর্যন্ত বাংলাদেশ ইতালিতে ২৭০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে।
