২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার সঙ্গে ভারতীয় মন্ত্রীর বৈঠকে আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা

বাংলাদেশ সফররত ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ই. আহামেদ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সুধাসদনে সাক্ষাৎ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2005, 08:43 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

বৈঠককালে তারা দারিদ্র্যবিমোচনসহ বিভিন্ন উন্নয়ন ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী বৈঠক শেষে বিডিনিউজকে জানান, ই. আহামেদ বলেছেন, দারিদ্র্যবিমোচনসহ উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ, ভারতসহ এ অঞ্চলের ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিমসটেক’র মতো আঞ্চলিক সহযোগিতা ও উদ্যোগ গ্রহণের মাধ্যমে এ সম্ভাবনাকে কাজে লাগানো যায়।

শেখ হাসিনা তাকে জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিমসটেকের মাধ্যমে এ অঞ্চলে উন্নয়নের ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ নেয়া হয়। আঞ্চলিক সহযোগিতার ব্যাপারে আওয়ামী লীগের ভূমিকা অব্যাহত থাকবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ্ এমপি এবং ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বীণা সিক্রি বৈঠকে উপস্থিত ছিলেন।