শিশুশ্রম বন্ধ না হওয়ায় চুক্তি বাতিল করতে যাচ্ছে ওয়াল মার্ট
বাংলাদেশে শিশুশ্রম বন্ধ না হওয়ায় বিশ্বের শীর্ষ স্থানীয় কোম্পানি ওয়াল মার্ট বেশকিছু গার্মেন্টস কারখানার সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিল করতে যাচ্ছে।
ওয়াল মার্ট ইতোমধ্যে দুটি গার্মেন্টস কারখানার সাথে তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছে। সংবাদসংস্থা সিবিসি নিউজের ফরাসি ভাষার ওয়েবসাইট এসআরসি’র এক প্রতিবদেনে ওই দুটি কারখানায় কর্মরত শিশুশ্রমিকদের ভিডিওচিত্র দেখার পর ওয়াল মার্ট এ সিদ্ধান্ত নেয়।
১৯৯০ সালে বাংলাদেশ তৈরী পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এবং আন্তর্জাতিক শ্রমসংস্থার (আইএলও) সঙ্গে গার্মেন্টস কারখানায় শিশুশ্রম বন্ধে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করে।
এসআরসি’র প্রতিবেদনে বলা হয়, ওয়াল মার্ট কোনও কারখানার সাথে চুক্তি সম্পাদনের আগে শিশুশ্রম বন্ধের করপোরেট কোড অব কন্ডাক্ট আরোপ করে থাকে। তাতে বিশেষভাবে উল্লেখ থাকে যে, যেসব সরবরাহকারীদের আওতায় ১৪ বছরের নিচের বয়সের শিশুরা কাজ করে তাদের সাথে ওয়াল মার্ট কাজ করবে না।
এসআরসি’র ওই প্রতিবেদনে তৃত্বীয় বিশ্বের দেশগুলোকে ওয়াল মার্টের কোড অব কন্ডাক্ট বলবৎ করার ক্ষমতার ব্যাপারে সন্দেহ প্রকাশ করা হয়েছে।
এসআরসি’র প্রতিবেদনে বাংলাদেশের গামের্ন্টস কারখানাগুলোর বিভিন্ন কাজে নিয়োজিত শিশুরা মাসে মাত্র ৫০ ডলার পেয়ে থাকে বলে জানানো হয়েছে।
গোপন ভিডিও ক্যামেরার সাহায্যে বায়ারের ছদ্মবেশে এসআরসি’র সাংবাদিক বাংলাদেশের গার্মেন্টস কারখানার ভিতরকার দৃশ্য ধারণ করেন।
দেশের অন্যান্য কারখানার মতো একটি কারখানার ধারণকৃত দৃশ্যে দেখা যায়, প্রচণ্ড তাপ, নোংরা পরিবেশ ও অস্বল্প আলোতে অদক্ষ শিশু শ্রমিকরা কাজ করছে।
ঠিক এই কারখানাই কানাডায় রপ্তানির জন্য ওয়াল মার্টকে টিশার্ট সরবরাহ করে থাকে বলে ওই প্রতিবেদনে জানানো হয়।
ওই প্রতিবেদনে কারখানা ম্যানেজার লিয়াকত পাটোয়ারি জানান, ওই শিশুরা স্থানীয় বাজারে বিক্রয়যোগ্য জিনিস উৎপাদনে কাজ করছে। আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি যে, তারা ওয়াল মার্টের মতো কোনও কোম্পানির জন্য রপ্তানি দ্রব্য উৎপাদনে কাজ করছে না।
এই প্রতিবেদনের ছবিগুলো দেখার পর ওয়াল মার্ট জানায়, ওই কারখানাগুলো সাবকন্ট্রাক্টের ভিত্তিতে কাজ করে। ওয়াল মার্টের সাথে তাদের সরসরি ব্যবসায়িক সম্পর্ক নেই।
এসআরসি’র ওই প্রতিবেদনে ওয়াল মার্টের মুখপাত্র ইয়ানিক ডেশেনেসের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ওই কারখানাগুলো স্পষ্টতই আমাদের কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেছে। যে কারণে আমরা শিগগিরই ওই দুই কারখানার সাথে আমরা আমাদের ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করব।
গত ২০০৪-- ০৫ অর্থবছরে ওয়াল মার্ট বাংলাদেশের গার্মেন্টস কারখানাগুলোর কাছ থেকে ৪০ কোটি ডলারের তৈরি পোশাক ক্রয় করে।
