শহরাঞ্চলের জলাশয়ে অ্যাকুয়াটিক উৎপাদনে জাতীয় ফোরাম গঠিত
শহরাঞ্চলের জলাশয়ের অ্যাকুয়াটিক উৎপাদনের জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে বুধবার জাতীয় ফোরাম গঠিত হয়েছে। দু দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালার শেষদিনে এ জাতীয় ফোরাম গঠন করা হয়।
বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মৎস্য গবেষণা বিভাগ, কৃষি সম্প্রসারণ বিভাগ, রাজউক এবং এ সংক্রান্ত ব্যবসায়ী ও এনজিও’র প্রতিনিধির সমন্বয়ে এ জাতীয় ফোরাম গঠিত হয়। জাতীয় ফোরামের সমন্বয় সাধনের জন্য বাংলাদেশ মৎস্য গবেষণা ফোরামকে (বিএফআরএফ) দায়িত্ব দেওয়া হয়।
বিশেষজ্ঞরা নীতি ও পরামর্শ সংক্রান্ত কর্মশালায় পরিবেশ বান্ধব অ্যাকুয়াটিক উৎপাদন বাড়ানোর জন্য শহরাঞ্চলের জলাশয়ের নিয়মকানুন সংশোধনের প্রতিও গুরুত্ব আরোপ করেন।
বিএফআরএফ সভাপতি বলেন, শহরাঞ্চলের জলাশয়ের অ্যাকুয়াটিক উৎপাদনে এ ফোরাম ভূমিকা রাখার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বত্বাধিকারীদের নেটওর্য়াক ও তথ্য বিনিময় কার্যক্রম চালাবে।
যুক্তরাষ্ট্রের স্টার্লিং বিশ্ববিদ্যালয়ের উইলিয়াম লেসচেন বলেন, দক্ষিণপূর্ব এশিয়ার চারটি দেশ ইতোমধ্যে এ ধরনের জাতীয় ফোরাম গঠন করেছে। এবার সাফল্যের সঙ্গে বাংলাদেশেও জাতীয় ফোরাম গঠন করা হয়েছে।
তিনি বলেন, কোলকাতা এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থাপনের পাশপাশি আমরা বাংলা ফোরাম নামে দক্ষিণ এশিয়ায় বড় ধরনের ফোরাম গঠনের প্রচেষ্টা নিয়েছি।
ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ মৎস্য গবেষণা ফোরাম (বিএফআরএফ), অ্যাকুয়াকালচার ও ফিস জেনেটিক রির্সাচ ফোরাম (এএফজিআরএফ-ডিএফআইডি), প্র্যাকটিক্যাল অ্যাকশান বাংলাদেশ এবং অ্যাক্যুটিক প্রি-আরবান সিস্টেমস ইন সাউথ ইস্ট এশিয়া।
এএফজিআরএফ-ডিএফআইডি’র তথ্য কর্মকর্তা এনটন ইমানিক বলেন, দক্ষিণ পূর্ব এশিয়ায় চার দেশের তিন শহরে বর্জ্য থেকে অ্যাকুয়াটিক উৎপাদন সাফল্য পাওয়া গেছে।
গত তিন বছর ধরে অ্যাকুয়াটিক উৎপাদনের জন্য একটি প্রকল্পে ইইউ আর্থিক সহায়তায় প্রদান করেছে।
দেশে অ্যাকুয়াকালচার উৎপাদনের ৩০ লাখ লোক নিয়োজিত রয়েছে এবং এ খাতের মাধ্যমে রপ্তানি আয় ৫ দশমিক ৭১ শতাংশ।
