ব্রাহ্মণবাড়িয়ায় বিডিআরের হয়রানীর প্রতিবাদে ব্যবসায়ীরা ধর্মঘট পালন
বিডিআরের হয়রানীর প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া বাজারের ব্যবসায়ীরা মঙ্গলবার ধর্মঘট পালন করেছে।
এ ধর্মঘটের ফলে স্থানীয় জনসাধারণ ঈদের বাজার করতে বিপাকে পড়ে।
মোগড়া বাজারের ব্যবসায়ীরা অভিযোগ করে, ব্রাহ্মনবাড়িয়া শহরের জগতবাজার থেকে তেল, ডাল, চিনি, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিনে আনার পথে বিডিআর অযথা হয়রানী করে।
রাইফেল ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল সৈয়দ কামরুজ্জামান বিডিনিউজকে জানান, মোগরা বাজারের ব্যবসায়ীরা ভারতে তেল পাচার করতে না পেরে বিডিআরের বিরুদ্ধে হয়রানীর অভিযোগ এনে ধর্মঘট শুরু করেছে।
এদিকে ধর্মঘটের সংবাদ পেয়ে আখাউড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ওসি মোগড়া বাজারের ব্যবসায়ীদের সাথে এক বৈঠকে মিলিত হয়েছেন।
