২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রিপস চুক্তি গ্রহণ পিছিয়ে গেলে বাংলাদেশ লাভবান হবে: নাসিরউদ্দিন

স্বল্পোন্নত দেশগুলো (এলডিসি) ট্রেড রিলেটেড প্রোপার্টি রাইটস (ট্রিপস) চুক্তি মানার ক্ষেত্রে আরও ১৫ বছরের সময় চেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2005, 07:07 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিওটিও সেলের মহাপরিচালক নাসিরুদ্দিন আহমেদ বুধবার বিডিনিউজকে বলেন, বর্ধিত সময় অনুমোদিত হলে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশই বেশি লাভবান হবে।

স্বল্পোন্নত দেশগুলোর পক্ষে ট্রিপস কাউন্সিলের কাছে এলডিসি’র বর্তমান সমন্বয়কারী জাম্বিয়া গত সপ্তাহে এ সংক্রান্ত একটি প্রস্তাব রেখেছে।

বিশ্ব বাণিজ্য সংস্থার চুক্তি অনুযায়ী এর আগে ১৯৯৫ সালে এলডিসিভুক্ত দেশগুলোকে এ চুক্তির বাধ্যবাধকতা মানার ক্ষেত্রে ১০ বছর সময় দেওয়া হয়। ২০০৫ সালের ৩১ ডিসেম্বর চুক্তির আওতামুক্ত থাকার জন্য বেঁধে দেওয়া সময় শেষ হতে যাচ্ছে।

নাসিরুদ্দিন বলেন, স্বল্পোন্নত দেশগুলো চুক্তির সকল বাধ্যবাধকতা মানার মতো অবস্থায় পৌঁছেনি। এ জন্য আরও সময় দরকার।

এলডিসি’র পক্ষ থেকে ট্রিপস বরাবর ওই আবেদনে উল্লেখ করা হয়েছে, গত দশ বছরে চুক্তির বাধ্যবাধকতা মানার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সত্ত্বেও এখনও স্বল্পোন্নত দেশগুলোতে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক কারণে দারিদ্র্য ও অর্থনৈতিক ঝুঁকি অব্যাহত রয়েছে।

এলডিসি দেশগুলোর আবেদনে আরও বলা হয়েছে, চুক্তি বাস্তবায়নের পদক্ষেপ নেওয়ার পর দেখা গেছে উন্নত দেশগুলো তাদের প্রযুক্তি হস্তান্তরের ব্যাপারে প্রতিশ্রুতি পুরোপুরি রক্ষা করতে পারছে না।

ট্রিপস এর ওই চুক্তিতে বলা হয়েছিল, এলডিসি দেশগুলোতে প্রযুক্তি হস্তান্তর উৎসাহিত করতে উন্নত দেশগুলোর উদ্যোক্তা ও প্রতিষ্ঠানগুলোকে ভর্তুকি সুবিধা দিতে হবে যাতে তারা অনুকূল প্রযুক্তিগত ভিত্তি গড়ে তুলতে পারে।