২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্প প্রতিষ্ঠানে সাম্প্রতিক হামলার ঘটনায় স্বার্থান্বেষী তৃতীয় মহল জড়িত বলে বিজিএমইএ’র অভিযোগ

গত ১৪ ও ১৯ অক্টোবর সংঘটিত সাভারের জিরাব-বিশমাইলে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান গুলো এবং কাঁচপুরে অবস্থিত ওপেক্স ও সিনহা টেক্সটাইল শ্রমিকদের ওপর হামলা ও গার্মেন্টস ভাংচুরে তৃতীয় স্বার্থনেষী মহল জড়িত বলে অভিযোগ করেছে বিজিএমইএ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

বিজিএমইএ কার্যালয়ে সোমবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি আনিসুল হক এ অভিযোগ তোলেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাচিত সভাপতি টিপু মুন্সী, ফজলুল করিম, শ্রমিক নেতা অ্যাডভোকেট দেলওয়ার হোসেন, সেলিম রেজা এবং সিরাজুল ইসলাম।

তবে সাংবাদিকরা বারবার তৃতীয় পক্ষের নাম উল্লেখ করতে বললে বিজিএমইএ সভাপতি তা জানাতে অস্বীকার করেন।

ঘটনা দুটিকে শিল্পের জন্য ভয়াবহ হুমকি বলে উল্লেখ করে তিনি বলেন, কিছু বিপথগামী শ্রমিক নেতার মদদে অনাকাঙ্খিত এই ধ্বংসাত্মক ঘটনা ঘটে। এমনকি উচ্ছৃঙ্খল শ্রমিকরা ঘটনাস্থল থেকে ৮ কিমি দূরের কারখানাও ভেঙ্গেছে।

তিনি বলেন, গত কয়েক বছরে শ্রমিকদেরকে টার্গেট করে কিছূ ভুঁইফোড় এনজিও গড়ে উঠেছে। এরাসহ আন্তর্জাতিক শ্রমিক সংগঠন নিয়ম বহির্ভূত কমপ্লায়েন্স বিষয়ে পোশাক শিল্পের ওপর অব্যাহত চাপ সৃষ্টি করছে এবং শ্রম আইন বিরোধী কার্যক্রম চালাচ্ছে। বিদেশী মদদপুষ্ট কিছু শ্রমিক ফেডারেশনও জন্ম নিয়েছে।

এসব এনজিও ও আন্তর্জাতিক সংগঠনকে ইংগিত করে তিনি বলেন, এরা যে কোন সুযোগে শ্রমিকদের উস্কানি দিয়ে শ্রম আন্দোলনের নামে ভাংচুরসহ শিল্প কারখানায় অস্থিতিশীলতার সৃষ্টি করছে। এদেরকে চিহ্নিত করার সময় এসেছে।

তিনি বলেন, শ্রমিক অধিকার সুনিশ্চিত করার জন্য দেশে শ্রম আইন আছে। সে আইন লংঘিত হচ্ছে কি-না, তা দেখার দায়িত্ব শ্রম অধিদপ্তরের। এখানে তৃতীয় পক্ষের নাক গলানোর সুযোগ নেই।

তিনি বলেন, মালিক-শ্রমিক সুসম্পর্কের কারনে পোশাক শিল্প বর্তমান পর্যায়ে বিকশিত হয়েছে। বিগত কয়েক বছর আলোচনার মাধ্যমে শ্রম বিরোধ সংক্রান্ত সমস্যায় মালিকরা আড়াই কোটি টাকা দিয়েছে।

জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারি ফেডারেশনের সাধারন সম্পাদক দেলওয়ার হোসেন বলেন, শ্রমিক-মালিক সম্পর্কের ওপরই নিভর করে শিল্পের উৎপাদনশীলতা। বিজিএমইএ আলোচনার মাধ্যমে শ্রম বিরোধ সংক্রান্ত সাড়ে ছয় হাজার কেস সমাধান করেছে।