২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেলটা ইন্সুরেন্সের দুই পরিচালকের দ্বন্দ্বে আর্থিক হুমকির মুখে পলিসি হোল্ডাররা

ডেলটা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের দুই পরিচালকের দ্বন্দ্বের কারণে পলিসি হোল্ডাররা আর্থিক হুমকির মুখে পড়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2005, 08:53 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

পলিসি হোল্ডারদের নির্বাচিত একজন পরিচালক নাম না প্রকাশের শর্তে বিডিনিউজকে বলেন, পরিচালকদের দুই গ্রুপ পাল্টাপাল্টি মামলা দায়ের করায় কোম্পানির স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে এবং কোম্পানির ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

তিনি বলেন, আদালতের স্থগিতাদেশের কারণে বার্ষিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে না এবং শেয়ার হোল্ডাররা তাদের প্রাপ্য লভ্যাংশ থেকে বঞ্চিত হচ্ছেন।

কোম্পানির সদ্য বিদায়ী চেয়ারম্যান মঞ্জুরুর রহমান বলেন, মোট ৮০০ কোটি টাকার জীবনবীমা পলিসি নিয়ে কোম্পানিটি দেশের বীমা কোম্পানিগুলোর মধ্যে শীর্ষস্থানে রয়েছে।

সারাদেশে ডেল্টা লাইফের প্রায় ১৩ লাখ পলিসি হোল্ডার রয়েছে। কোম্পানির দলিলপত্র অনুযায়ী ৩৬ জন পরিচালক থাকার বিধান রয়েছে। এর মধ্যে প্রমোটার, পলিসি হোল্ডার ও শেয়ার হোল্ডারদের মধ্য থেকে ১২ জন পরিচালক নির্বাচিত করা হয়।

পলিসি হোল্ডাররা কোম্পানির ৯০ শতাংশ মূলধনের যোগান দিলেও তাদের অবজ্ঞার শিকার হতে হয় এবং বিপুল পরিমাণ গচ্ছিত অর্থের মুনাফা ভোগ করেন প্রমোটার ও শেয়ার হোল্ডাররা।

পলিসি হোল্ডারদের থেকে নির্বাচিত ওই পরিচালক আরও বলেন, শুধু পাঁচ লাখ টাকা প্রদানের মাধ্যমে যারা পরিচালক হয় তারা জীবনবীমার ৮০০ কোটি টাকা থেকে অর্থ খসিয়ে নেওয়ার তালে থাকে।

তিনি বলেন, ২১ সেপ্টেম্বরে অনুষ্ঠিত কোম্পানির ১২৬ তম বোর্ড মিটিংয়ে দেবোপ্রসাদ দাসকে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এবং পরে ১২৭ তম বোর্ড মিটিংয়ে ওই পদে তাকে পুনর্বহাল করা হয়।

২১ সেপ্টেম্বরের বোর্ড মিটিংয়ের পর বাণিজ্য মন্ত্রণালয় একটি তদন্ত চালানোর উদ্যোগ নেয় কিন্তু ২৫ সেপ্টেম্বরে বোর্ড মিটিংয়ের মাধ্যমে ব্যবস্থাপনার দায়িত্ব আবার বিরোধী গ্রুপের হাতে চলে গেলে তদন্ত কাজের ফাইল স্থবির হয়ে যায়।

বর্তমান চেয়ারম্যান সৈয়দ মোয়াজ্জেম হোসেন বাণিজ্য মন্ত্রণালয়ে তার এক অভিযোগে বলেন, তৎকালীণ চেয়ারম্যান মঞ্জুরুর রহমান কোম্পানির টাকা অবৈধভাবে ব্যবহার করে ডেলটা ইনফরমেশন টেকনোলজি লিমিটেড গড়ে তোলেন এবং তার স্ত্রী বোর্ড অব ডিরেক্টরসের অনুমতি ছাড়াই কোম্পানির শেয়ার লেনদেন করেন।

ডেল্টা লাইফের চিফ কন্ট্রোলার ফিরোজ আহমেদ বিডিনিউজকে বলেন, যিনি বাণিজ্য মন্ত্রণালয়ে অভিযোগ দায়ের করেছিলেন দায়িত্বে আসার পর তিনিই আবার তদন্তকাজ থামিয়ে দেন।

সৈয়দ মোয়াজ্জেম হোসেন মঞ্জরুর রহমানের বিরুদ্ধে ১৬৪৫ জন ভুয়া পলিসি হোল্ডারকে ভোটার তালিকাভুক্ত করার দায়ে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন।

মোয়াজ্জেম হোসেনের অভিযোগের জবাবে মঞ্জুরুর রহমান বলেন, যেকোনও ভাবে তিনি কোম্পানির নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে চাচ্ছিলেন।

এ ব্যাপারে মোয়াজ্জেম হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আগের চেয়ারম্যানের দুর্নীতি সনাক্ত করতে কোম্পানির জমা-খরচের হিসাব খতিয়ে দেখার জন্য আমরা দুইজন চার্টার্ড অ্যাকাউটেন্ট নিয়োগ করেছি।