বিটিআরসি’র অসহযোগিতায় ঢাকায় বেসরকারি ল্যান্ডফোন সংযোগ বাধাগ্রস্ত
বেসরকারি ল্যান্ডফোন কোম্পানি ওয়ার্ল্ডটেলকে কোড নম্বর ও সংকেত প্রদানে বিটিআরসি সহযোগিতা না করায় ঢাকার অধিবাসীরা এখনও বেসরকারি খাতের ল্যান্ডফোন সংযোগ পাচ্ছে না।
তবে ২০০৬ সালের ফেব্রুয়ারি নাগাদ ঢাকার দেড় লাখ গ্রাহককে সংযোগ দিতে পারবে বলে আশা করছে দেশের প্রথম লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি এ ল্যান্ডফোন কোম্পানিটি। আগামী জানুয়ারি নাগাদ এ সংক্রান্ত যন্ত্রপাতি স্থাপনের কাজ শেষ হবে বলে আশা করছে লন্ডন ভিত্তিক কোম্পানি ওয়ার্ল্ডটেল।
কোম্পানির ঢাকা অফিসের প্রধান নির্বাহী কর্মকর্তা নাঈম চৌধুরী বিডিনিউজকে বলেন, তারা অন্যান্য ল্যান্ডফোন ও মোবাইল কোম্পানির সঙ্গে আন্তঃসংযোগ চুক্তি এবং ঢাকার বিভিন্ন স্থানে ৪৯টি বেইস ট্রান্সসিভার স্টেশন (বিটিএস) স্থাপনের কাজ চালিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) ইতোমধ্যেই তাদেরকে ফ্রিকোয়েন্সি বরাদ্দ দিয়েছে। তবে কোড নম্বর ও সিগনালের ব্যাপারে এখনও তাদেরকে নিশ্চয়তা দেওয়া হয়নি।
কোম্পানিটি বিভিন্ন পর্যায়ে ঢাকার মোট তিন লাখ গ্রাহককে সংযোগ দেবে। তবে প্রথম পর্যায়ে দেড় লাখ সংযোগ প্রদান করা হবে বলে জানান ওয়ার্ল্ডটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা।
নাঈম চৌধুরী বলেন, বিটিটিবি’র ল্যান্ডফোন সংযোগ নিতে যে পরিমান টাকা লাগে তাদের সংযোগ নিতেও এমনই লাগবে। তাছাড়া কলচার্জও বিটিটিবি’র মতোই রাখা হতে পারে বলে তিনি জানান।
২০০১ সালে ঢাকায় বেসরকারিভাবে ল্যান্ডফোন সংযোগ প্রদানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে ওয়ার্ল্ডটেল লাইসেন্স পেলেও বিটিআরসি ২০০৪ সাল পর্যন্ত এটি ঝুঁলিয়ে রাখে। সম্প্রতি বিটিআরসি থেকে কোম্পানিটি অনুমোদন পায়।
নাঈম চৌধুরী আরও জানান, এ নেটওয়ার্কের আওতায় গ্রাহককে আইএসডিএন, দ্রুত ইন্টারনেট সার্ভিস ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে। ওয়ার্ল্ডটেলের এ নেটওয়ার্কটি হবে প্রধানত ওয়ারলেস ভিত্তিক।
ঢাকা জোনে আরও বেশি বেসরকারি কোম্পানিকে ল্যান্ডফোন সংযোগ প্রদানের অনুমতি দিতে যাচ্ছে বিটিআরসি।
