২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অক্টোবর লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মা’র লেনদেন শুরু হচ্ছে

আগামী ২১ অক্টোবর থেকে বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান হিসাবে বেক্সিমকো ফার্মা লন্ডন স্টক এক্সচেঞ্জ লেনদেন শুরু করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2005, 07:48 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

শনিবার এক ঘোষনায় ওষুধ শিল্পের এই প্রতিষ্ঠানটি জানায়, এলএসই’ এ তালিকাভূক্তির জন্য বেক্সিমকো ইতিমধ্যে তাদের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

প্রতিষ্ঠানটি ঘোষণায় আরও জানায়, লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভূক্ত হওয়ার প্রাক্কালে তাদের গ্লোবাল ডিপোজিটরি রিসিপ্ট (জিডিআর) ইতিমধ্যে ভালো সাড়া পেয়েছে।

লন্ডনে জিডিআর এর শেষ সময় ছিল ৬ অক্টোবর। বিভিন্ন আর্ন্তজাতিক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান এর কাছ থেকে প্রায় ১৪২ কোটি টাকা উত্তোলনের জন্য এরই মধ্যে দু’ কোটি জিডিআর ইস্যু হয়েছে। বাকী ৫৭ কোটি টাকা পরবর্তীতে ৬৬ লাখ ৬৬ হাজার ৬শ ৬২টি জিডিআর ইস্যুর মাধ্যমে তোলা হবে বলে প্রতিষ্ঠানসূত্রে জানা গেছে।

জিডিআর এর প্রাথমিক সাড়ায় সন্তুষ্ট হয়ে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান বলেছেন, লন্ডন ষ্টক এক্সচেঞ্জের অলটারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেট (এআইএম) আমাদের নতুনভাবে উজ্জীবিত করবে যা বাংলাদেশের ভাবমূর্তি এবং বিদেশী বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস তৈরি করতে সহায়ক হবে।

তিনি বলেন, জুলাই মাসে লন্ডনে বোমা হামলার পর আমাদের উদ্যোগটি প্রথমে কিছুটা পিছিয়ে পড়েছিল। পরবর্তীতে গত ১৭ আগষ্ট বাংলাদেশে দেশজুড়ে বোমা হামলা পিছিয়ে পড়ার আরেকটি কারণ ছিলো।

তিনি বলেন, আশার কথা হলো এসব বোমা হামলার পরও বিদেশী বিনিয়োগকারীদের বাংলাদেশের কোন প্রতিষ্ঠানের জন্য বিনিয়োগে আত্মবিশ্বাস তৈরিতে বেক্সিমকো সক্ষম হয়েছে। জিডিআর এর প্রচুর সাড়াতেই যার প্রমান পাওয়া গেছে।

লন্ডন ষ্টক এক্সচেঞ্জ থেকে উত্তোলিত টাকা রফতানীমুখী ওষুধ তৈরিতে বেক্সিমকো ব্যবহার করবে। যেসব স্বল্পোন্নত দেশে প্যাটেন্ট এবং এন্টিসেপটিক তৈরিতে আইনগত জটিলতা রয়েছে এবং যারা এইচআইভি’র হুমকিতে রয়েছে সেসব দেশে বেক্সিমকো তাদের ওষুধ রফতানিতে এসব টাকা ব্যয় করবে।

ভারত, চীন এবং ব্রাজিলের মতো ডব্লিউটিওর বেশ কিছু দেশ কঠোর প্যাটেন্ট আইনের আওতায় ওষুধ উৎপাদনে বাঁধার সন্মুখীন হতে হচ্ছে। তবে তারা রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে প্যাটেন্টেড ওষুধ দিয়ে টাকা তুলছে।

এদিকে ডব্লিউটিও’র ইনটেলেকচূয়্যাল প্রোপার্টি রাইট (ট্রিপস্) এর আওতায় ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশসহ আরও ৪৯টি স্বল্পোন্নত দেশ ওষুধ তৈরি ও বিশ্ববাজারে তা রফতানির ক্ষেত্রে সুবিধা পাচ্ছে।

উল্লেখ্য, গতবছর বেক্সিমকো ২৭৭ কোটি টাকার ওষুধ বিক্রি করে প্রায় ৩৩ কোটি টাকা লাভ করেছে। প্রতিষ্ঠানটি ২০১৬ সাল থেকে আরও নতুন কিছু ওষুধ তৈরি করতে ইতিমধ্যে তাদের ওষুধ শিল্পে গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ করার পরিকল্পনা হাতে নিয়েছে।