শনিবার থেকে টিসিবি’র পণ্য বিক্রি করবে আনসার-ভিডিপি
শনিবার থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র পণ্য বিক্রি করবে আনসার-ভিডিপি।
করপোরেশনের এক কর্মকর্তা জানান, টিসিবি’র কর্মকতা-কর্মচারির স্বল্পতা থাকায় আনসার-ভিডিপি’র মাধ্যমে সারা দেশের বিভিন্ন স্পটে পণ্য বিক্রয় হবে।
একই সঙ্গে টিসিবি’র বিক্রয় স্পট বাড়ানোর ব্যাপারেও সিদ্ধান্ত হচ্ছে। ঢাকাসহ চারটি বিভাগীয় শহরে নতুন ৩৭টি স্পটসহ ৭০ স্পটে আগামী শনিবার থেকে পণ্য বিক্রয় হবে বলে জানা যায়। এ ব্যাপারে বৃহস্পতিবার বিকেল টিসিবি বোর্ড বৈঠকে সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়।
বর্তমানে টিসিবি’র আমদানিকৃত পন্য আগামী ১০ দিনের মধ্যেই শেষ হবে যাবে। বাণিজ্য মন্ত্রণালয় আরো অধিক পণ্য টিসিবি’র মাধ্যমে সরবরাহ করার চিন্তা ভাবনা করছে। এ ব্যাপারেও শনিবার সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা যায়।
এদিকে বুধবার থেকে শুরু হওয়া টিসিবি’র বিক্রয় কর্মসূচিতে পণ্য ওজনে কম দেওয়ার অভিযোগ রয়েছে। বৃহস্পতিবারও বিভিন্ন স্পটের ক্রেতারা কেজি প্রতি ১০০ গ্রাম কম দেওয়ার অভিযোগ করেছেন। একই সময়ে ক্রেতারা নিম্নমানের ছোলাবুট দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন।
টিসিবি কর্মকর্তারা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তবে বুধবার ওজনে কম দেওয়ায় তাৎক্ষনিকভাবে এক কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
গত বুধবার থেকে রাজধানী ঢাকার ৩৩টি, চট্টগ্রামে চারটি, খুলনায় একটি এবং রাজশাহীতে দুইটি কেন্দ্রসহ মোট ৪০টি কেন্দ্রে ভ্রাম্যমাণ ট্রাকযোগে খোলা বাজারে এই বিক্রি কার্যক্রম শুরু হয়।
