২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কয়েকগুণ বেশি দামে বিক্রি হচ্ছে থাই ফল ও সবজি

থাইল্যান্ডের বিভিন্ন প্রজাতির ফল ও সব্জি প্রকৃত আমদানি ব্যয়ের চাইতে কয়েকগুণ বেশি মূল্যে বাংলাদেশের বাজারে বিক্রি হচ্ছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2005, 06:34 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

আমদানিকারক ও রাজস্ব বিভাগ সূত্রে জানা গেছে, থাইল্যান্ডে যে ফল ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হয়, বাংলাদেশে সে ফল বিক্রি হচ্ছে পাঁচশ থেকে সাড়ে পাঁচশ টাকায়।

খুচরা পর্যায়ের বিক্রেতারা মনে করছেন, এসব ফল সম্পর্কে ক্রেতাদের তেমন কোনও ধারণা না থাকায় আমদানিকারকরা তাদের খেয়াল খুশি মতো মূল্য আদায় করছে।

গত তিন বছর ধরে দেশে থাইল্যান্ড থেকে ফল ও সব্জি আমদানি হচ্ছে। বর্তমানে থাইল্যান্ড থেকে ২৬ প্রকারের ফল ও ১৩ ধরনের সব্জি আসছে। প্রতি বছর থাইল্যান্ড থেকে ফল ও সব্জি আমদানির পরিমাণ ৭০ থেকে ৮০ টন। গত সেপ্টেম্বর মাসে চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমান বন্দর দিয়ে ৪ হাজার ৮শ’ ৫৪ কেজি বিভিন্ন ধরনের থাই ফল ও সব্জি এসেছে।

রাজস্ব বিভাগ সূত্র জানিয়েছে, থাইল্যান্ড থেকে আমদানি করা ফল ও সব্জির ঘোষিত মূল্য কেজিপ্রতি সর্বোচ্চ ৪২ টাকা থেকে সর্বনিম্ন ১৫ টাকা পর্যন্ত। এসব ফল ও সব্জির জন্যে আমদানি ও সম্পূরক করসহ প্রায় ৭০ শতাংশ কর দিতে হয়। এর সাথে এয়ার কার্গো ভাড়া দিতে হয় কেজি প্রতি এক ডলারের মতো।

সবমিলিয়ে থাইল্যান্ড থেকে আমদানি করা ফল ও সব্জির সর্বোচ্চ খুচরা মূল্য কোনোক্রমেই ২৫০ টাকার বেশি হওয়ার কথা নয় বলে কাস্টমসের একজন কর্মকর্তা মন্তব্য করেছেন।

কিন্তু চট্টগ্রামের অভিজাত শপিং মল ‘ওয়েল মার্ট’ সূত্র জানিয়েছে, তারা থাই ফল ও সব্জি বিক্রি করছেন সর্বোচ্চ পাঁচশ থেকে সর্বনিম্ন দু’শ টাকার মধ্যে।

এই মূল্য সত্ত্বেও ক্রেতাদের কাছে থাই ফল ও সব্জির প্রচুর চাহিদা রয়েছে বলে ওয়েল মার্টের একজন কর্মকর্তা বিডিনিউজকে জানিয়েছেন।

অবশ্য অতিরিক্ত মূল্য রাখার বিষয়ে প্রকৃত ব্যয়ের চেয়েও বেশি রাখার অভিযোগ আস্বীকার করেছেন থাই বাংলাদেশ বিজনেস সোসাইটির (টিবিবিএস) কর্মকর্তারা।

টিবিবিএস এবং থাই ফল ও সব্জির সবচেয়ে বড় আমদানিকারক এসটিবি এশিয়া ইমপেক্স বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের একজন কর্মকর্তা আরকে ফারুকী নজরুল বিডিনিউজকে বলেছেন, ক্রয় মূল্য অত্যন্ত কম হলেও প্যাকেজিং, কার্গো ভাড়া ও কাস্টমসের খরচের কারণে চড়া মূল্যে বিক্রি করতে হচ্ছে।

থাই এয়ারের ব্যাংকক-চট্টগ্রাম রুটের সপ্তাহে তিনটি ফ্লাইটে ফল ও সব্জি আমদানি করতে হচ্ছে। চট্টগ্রাম থেকে ব্যাংকক রুটে এয়ার ফ্রেইট ট্যারিফ নির্ধারিত থাকলেও ফিরতি রুটের ফ্লাইটে ট্যারিফ নির্ধারিত নেই। যার ফলে অনেক সময় থাই এয়ার বেশি ট্যারিফ আদায় করে থাকে।

টিবিবিএস সূত্র জানিয়েছে, বাংলাদেশের মোট পাঁচটি প্রতিষ্ঠান নিয়মিত থাইল্যান্ড থেকে ফল ও সব্জি আমদানি করছে।

স্থানীয় ক্রেতাদের কাছে থাইল্যন্ডের ফল রামবুটান, লংগন, মিষ্টি তেঁতুল, হানি ডিউ, রকমিলান এবং সব্জির মধ্যে ক্যাপসিক্যাম, থাই ক্যাবেজ ও আইসবার্গ লেটুসের চাহিদা বেশি।

থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনওয়াত্রা বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বছর কয়েক আগে শুভেচ্ছাস্বরূপ একটন রামবুটান উপহার দিয়েছিলেন।