২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার বাজারে আসছে সিটিসেলের নতুন প্যাকেজ ‘আলাপ সুপার’

মোবাইল কোম্পানি সিটিসেল রোববার থেকে বাজারে ছাড়ছে সর্বনিম্ন কলরেট এবং সংযোগমূল্যের নতুন মোবাইল-টু-মোবাইল প্যাকেজ ‘আলাপ সুপার’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2005, 07:20 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সিটিসেলের অপারেটর প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডের সিনিয়র সহ-সভাপতি (মার্কেটিং) ইন্তেখাব মাহমুদ শনিবার এ ঘোষণা দেন।

তিনি বলেন, টেলিযোগাযোগে বিশ্বের প্রথম সারির দেশ সিঙ্গাপুরের বৃহত্তম কোম্পানি সিঙ্গাপুর টেলিকমিউনিকেশন লিমিটেডের (সিঙটেল) সাথে যৌথ উদ্যোগের পর এটিই তাদের প্রথম প্যাকেজ।

এ প্যাকেজের প্রধান দিক হচ্ছে, প্যাকেজ শুরুর সময় থেকে পরবর্তী ছয় মাস (৩১ মার্চ, ২০০৬) পর্যন্ত সুপার অফ-পিক সময়ে (রাত ১১টা থেকে সকাল ৮টা) এ প্যাকেজের গ্রাহকরা যে কোনও সিটিসেল নম্বরে বিনা মূল্যে কল করতে পারবেন।

এছাড়াও গ্রাহকরা পিক ও অফ-পিক সময়ে যেকোনও সিটিসেল নাম্বারে প্রতি ৩০ সেকেন্ডে দেড় টাকায় এবং অন্য কোম্পানির মোবাইলে দুই টাকায় ও সুপার অফ-পিক সময়ে প্রতি ৩০ সেকেন্ড এক টাকায় কথা বলতে পারবেন।

সিটিসেলের মহাব্যবস্থাপক ফরহাদ আলম বলেন, সবচেয়ে কম মূল্যে তারা এ প্যাকেজ (হ্যান্ডসেটসহ) ছেড়েছেন। তিনি জানান, হুওয়াউয়ি হ্যান্ডসেটসহ এ প্যাকেজের মূল্য রাখা হয়েছে ২,৪৯৯ টাকা, ইউটিস্টারকম হ্যান্ডসেটসহ ৩,৪৯৯ টাকা এবং নকিয়া হ্যান্ডসেটসহ ৪,৪৯৯ টাকা।

তিনি বলেন, নতুন এ প্যাকেজের প্রতিটি সংযোগ চালু করার সঙ্গে সঙ্গেই গ্রাহক পাবেন ৫০ টাকার প্রি-লোডেড টক টাইম এবং ৩০০টি এসএমএস করার সুবিধা।

ইন্তেখাব মাহমুদ জানান, তাদের গ্রাহক সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ এবং ২০০ উপজেলায় তাদের নেটওয়ার্ক রয়েছে।

তিনি বলেন, আগামী বছর নাগাদ তাদের গ্রাহক সংখ্যা হবে প্রায় ৩৫ লাখ। এজন্য তারা ১২৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে কোম্পানির মহাব্যবস্থাপক (সেলস ও ডিস্ট্রিবিউশন) রেজাউল হোসেনও বক্তব্য রাখেন।