উৎপাদন ছাড়া সব খাতে ৯% সুদহার সরানোর দাবি বিএবির
মূল্যস্ফীতির চাপে পরিচালনা খরচ বেড়ে যাওয়ার কথা তুলে শুধু উৎপাদন ছাড়া বাকি সব খাতের জন্য ব্যাংক ঋণের সুদহার ৯ শতাংশ তুলে দেওয়ার দাবি জানিয়েছে বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)।
বুধবার সংগঠনের চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নতুন গর্ভনর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে দেখা করে এই দাবি জানান বলে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে।
এসময় খেলাপি ঋণ পুনঃতফসিলের বিষয়ে বড় ছাড় ও ব্যাংকের ক্ষমতা বাড়ানোর বিষটিকে স্বাগত জানান তারা।
নজরুল বলেন, “খেলাপি ঋণ পুনঃতফসিলের বিষয়টি ব্যাংকের উপর ছেড়ে দেওয়ায় ভালো হয়েছে। যার যার ব্যাংক সে কন্ট্রোল করবে। বাংলাদেশ ব্যাংকের দিকে আর তাকিয়ে থাকতে হবে না৷ ব্যাংক নিজেই ঋণ পুনঃতফসিল করবে।
“এটা যুগোপযোগী বাস্তবসম্মত সিদ্ধান্ত ও পদক্ষেপ। এটা ব্যাংকের হাতে দিয়ে দেওয়ার ফলে আমাদের পরিশ্রম অনেক কমে যাবে। একই সঙ্গে ব্যাংকের কর্ম ও রিকভারি অনেক বেড়ে যাবে।”
বৈঠকের আলোচনা নিয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নতুন গভর্নর যোগদান করার পর বিএবির পক্ষ থেকে শুভেচ্ছা জানানোর জন্য এসেছিলেন। তারা উৎপাদন খাত ছাড়া বাকি খাতে ঋণের সুদ ৯ শতাংশ তুলে দেওয়ার দাবি করেছেন, বলেছেন মূল্যস্ফীতি বেড়েছে।”
২০২০ সালের এপ্রিলে ব্যাংক ঋণের সুদহার সীমা সর্বোচ্চ ৯ শতাংশ বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। তখন থেকেই এসএমই, ব্যক্তি ঋণসহ কয়েকটি খাতে এই হার তুলে দেওয়ার দাবি করে আসছেন ব্যাংক মালিকরা।
ঋণসুদ হার ৯ শতাংশ বেঁধে দেওয়ার পর থেকে আমানত সুদহার ৪ শতাংশের ঘরে নেমে আসে, যা মূল্যস্ফীতির তুলনায় কম হওয়ায় বিভিন্ন মহলের দাবির পর কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সিদ্ধান্ত দেওয়া হয়, তিন মাস পরপর আমানত সুদহার মূল্যস্ফীতির্ গড়হারের উপরে রাখতে হবে।
এরপর থেকে বিবিএস ঘোষিত মূল্যস্ফীতির গড় হারের সঙ্গে আমানত সুদহার সমন্বয় করছে ব্যাংকগুলো।
