আমিরাত সফরে ইলেকট্রনিক্স শিল্প এগিয়ে যাবে: রাজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত সফরের মধ্য দিয়ে বাংলাদেশের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিকাল শিল্প এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ।
ওই সফর শেষে দেশে ফিরে ব্যবসায়ী প্রতিনিধি দলের পক্ষ থেকে তিনি এ মন্তব্য করেন বলে রোববার মিনিস্টার গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান রাজ বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতায় বাংলাদেশ এখন ৪১৬ বিলিয়ন ডলারের অর্থনীতিকে শিগগিরই বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতিতে পরিণত করার এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে।
“এই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে আমাদের সফর। তাছাড়া ইলেকট্রিকাল ও ইলেকট্রনিক্স শিল্পগুলোই এক ধাপ এগিয়ে যাবে এই সফরকে কেন্দ্র করে। যেখানে খুবই সহজেই দুই দেশের মধ্যে পণ্য রপ্তানি ও আমদানি অনেকই সহজ হবে।”
গত ৭ মার্চ সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে সরকারি সফরে আবু ধাবি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাঁচ দিনের সফর শেষে রোববার রাতে তিনি দেশে ফেরেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আব্দুল মোমেন, বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
ব্যবসায়ী প্রতিনিধি দলে ছিলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট এম এ রাজ্জাক খান রাজসহ দেশের শীর্ষ ব্যবসায়ীরা।
